দেশের সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিগগিরই আইন কমিশনকে চিঠি দিচ্ছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী শফিক আহমেদ বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলেছেন, আইন কমিশনের মতামতের ভিত্তিতে এ সংক্রান্ত সুপারিশ তৈরি করা হবে।
শফিক আহমেদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শভিত্তিক অবস্থান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। সুশাসন ও গণতন্ত্রের স্বার্থে সংবিধান যুগোপযোগী করা দরকার।" তিনি বলেন, "এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন কমিশনকে বলা হবে। তাদের সুপারিশের ভিত্তিতে সংবিধান সংশোধনের জন্য সুপারিশ করা হবে।"
তবে এজন্য আইন কমিশনকে কোনও সময় বেঁধে দেওয়া হবে না বলে জানান আইনমন্ত্রী। ১৯৭২ সালে সংবিধান গৃহীত হওয়ার পর এ পর্যন্ত ১৪ বার সংশোধনী আনা হয়েছে।
শফিক বলেন, বিভিন্ন সময়ে সংবিধান কাটাছেড়া করা হয়েছে। মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রবিরোধী অনেক কিছুই যোগ করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে এগুলো করা হয়েছে, আইন কমিশন তা খতিয়ে দেখবে।
সংবিধানের মূল চেতনায় এ পর্যন্ত কতটা পরিবর্তন হয়েছে- জানতে চাইলে মন্ত্রী জানান, সেটা আইন কমিশন খতিয়ে দেখবে। তিনি বলেন, "সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংবিধানের ভূমিকা গুরুত্বপূর্ণ।"
এদিকে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে বর্তমান সরকার সংবিধানে কোনও পরিবর্তন আনবে না। এ ক্ষেত্রে যে কোনও পরিবর্তন ঐকমত্যের ভিত্তিতেই করা হবে।
মতামত: মনে হচ্ছে আমরা ৭২ এর সংবিধানে ফেরত যাচ্ছি। পৃথিবী এগয় কিন্তু আমরা পেছাতে চাই। ৭২ এর সবই ভাল তা যেমন ঠিক নয়, সবই মন্দ তা ও ঠিক নয়। আশা করি ভাল ও সুন্দরেরই জয় হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


