কবি, আমি জানি আপনার জন্য কেউ অপেক্ষা করেনা
এবং এটাও জানি যে, সন্ধ্যাবেলা যখন আপনি বাড়ি ফেরেন
তখন সন্ধ্যাবাতি দেখেন না;
কোন রকমে দরোজাটা খুলে
অন্ধকারে হাতরে হাতরে বাতিটা জ্বালান।
কবি, কিছুদিন আগে পর্যন্ত যে বেওয়ারিশ কুকুরটি
আপনার আগমন অপেক্ষায় তীর্থের কাকের মত
দরোজায় দাড়িয়ে থাকত-
সে এখন আর ভুলেও এদিকে পা বাড়ায় না;
চাহিদার পূরণ না হলোতো পুজারীও ভগবানকে
ছেড়ে যেতে দু'বার ভাবেন না।
কবি, তারপরেও সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার জন্য
আপনার সেকি ব্যস্ততা! হন্যে হয়ে ছুটেন বাড়ির দিকে।
কবি, একজন সর্বজনস্বীকৃত অপাংতেয় হয়েও
নিজেকে সুশীল সংসারী হিসেবে উপস্থাপনের
কেন এই ঐকান্তিক আয়োজন?
কেন নিজের সাথে প্রতারণার এই অনাবশ্যক প্রচেষ্টা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


