
কতো প্রখর তোমার শ্রুতি
হে আমার স্বামী এবং মানুষের প্রিয় কবি
নীল জলের সুদৃশ্য সুইমিং পুলের পাশে বসে
অনায়াসে শুনতে পাও
যমুনার জলের আঘাতে চর ভাঙা ঘর ভাঙা মানুষের
বুক ভাঙা কান্না।
সেই কান্নার জলে শব্দ ডুবিয়ে
সুকৌশলে ভিজিয়ে দাও মানুষের মন।
তোমার ঘ্রাণ নেবার ক্ষমতা কতো তীব্র
হে আমার স্বামী এবং মানুষের প্রিয় কবি
সাজানো বাগানে ঘাসের বুকে শুয়ে
নাসিকায় টের পাও
অজ পাড়াগাঁয়ে দরিদ্র কৃষকের পান্তার জলে
কাঁচা লঙ্কার ঘ্রাণ।
সেই ঘ্রাণ শব্দের গায়ে মেখে ছড়িয়ে দাও।
মানুষের আবেগ নড়ে উঠে।
কতো শানিত তোমার অনুভূতি
হে আমার স্বামী এবং মানুষের প্রিয় কবি
সুউচ্চ দালানে সুরম্য ফ্ল্যাটের বারান্দায়
সুদৃশ্য ডিভানে শুয়ে
বস্তিবাসী কিশোরীর ভূমিশয্যা দেখে
ক্ষুব্ধ হয়ে উঠে তোমার হৃদয় যখন তখন।
সেই ক্ষোভের আগুন ছড়িয়ে দাও
শব্দের শলাকায় পাঠকের অন্তরে অন্তরে।
অথচ এই আমি তোমার সকল অনুভূতি ছুঁয়ে যেতে
কতো যে ব্যাকুল থাকি
কতোকাল এত কাছাকাছি আছি
তুমি তার খবর রাখো না।
আমার হৃদয় ভাঙার করুণ শব্দ
বুক ভাঙা কান্না শুনতে পাও না তুমি।
আমার শরীরে ঘ্রাণ
চুলের নরম গন্ধ হাতের উষ্ণ ছোঁয়া
মুহূর্তেই ভুলে যাও তুমি।
তাই অনেকের প্রিয় কবি হলেও
তুমি আমার কাছে শুধুই একজন পুরুষ
একজন সাধারণ স্বামী।
(গ্রন্থ - আমি তো সুখ চাইতেই পারি)
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


