আর্ট কলেজে টিকতে না পারলে কী হইব ওই সময়ে অভিজিৎ, জুয়েল, টগর (পরের দুইজন এহন আর্ট কলেজের মাস্টার) এগো লগে দেখা করতে যাইতাম। 86 সালে নির্বাচনের সময় আমগো বাড্ডায় অনেক মারামারি হইতে ছিল। আমি সেই সময় কিছুদিনের জন্য আর্ট কলেজের শাহনেওয়াজ হলে জুয়েলের কৃপায় থাকি। ওইখানে ওর লগে কার্ড আঁকতাম। আমার হাতের লেখা সোন্দর আছিল বইলা ওই কার্ডের লগে আবার কবিতার লাইনও জুইড়া দিতাম। কার কার লাইন মনে নাই। আবুল হাসান বা হেলাল হাফিজের লাইন হওনের সম্ভাবনা বেশি। তো ওই কার্ড বেঁচতাম বইমেলায়। তারপরে ওই টাকা দিয়া ভাত খাইতাম। একদিন জুয়েল টাইম মতন ভাত খাওনের টেকা না দেওয়ায় পরে কার্ড বেঁচনের শৌখিন ব্যবসা বন্ধ কইরা দেই।
বইমেলায় এর আগে আমি যাই নাই। আমি যেইখানে কার্ড বেঁচতাম তার পাশেই ছিলো এক ফিলোসফারের স্টল। প্রেক্ষিত বইলা একটা ছোট কাগজ বেঁচতেন উনি। নাম মফিজুল হক। ওনার লগে আলাপ সালাপ করতাম। মেলা চক্কর দিতে গিয়া পরিচয় হইল কবি জাহিদ হায়দারের লগে। উনি কবিতাম বই বেঁচতেছিলেন একটা টেবিল লইয়া। কইলেন শিল্প হইল একটা মাস্টারবেশন। ওই বয়সে এই রকম শুনতে বেশ আনন্দ লাগছে। শিল্পচর্চার আনন্দ পরে ম্রিয়মাণ হইয়া গেছে। ওই বছরই ফরিদা হাফিজ এবং আদিত্য কবির-এর লগে পরিচয় হয়। পরে সেইসব পরিচয় কালের অতল গহবরে দুই বছরের লাইগা হারাইয়াও যায়। শেষে আমি যখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের মৌলিক উৎকর্ষ কার্যক্রম বইলা এক বিদ্যাসভায় যোগ দেই তখন সবার লগে সহি ভাবে পরিচয় হয়। আমি সাহিত্য ও শিল্পকলারে এর তৎকালীন মাতব্বরদের নিয়ন্ত্রণের জায়গা থিকা দেখতে অভ্যস্ত হই।
যাই হউক, আমি কথা কইতেছিলাম সু্যররিয়ালিজম লইয়া। সু্যররিয়ালিজম লইয়া সকলেই হাসে। কিন্তু সু্যররিয়ালিজম নামের আন্দোলনটি আর্টের যেই ঘরানাটারে দখল কইরা ভাবসম্প্রসারণ করছে সেই জিনিস সেই ভঙ্গি বহুকাল আগে থিকাই আছে। আপনেরা হিয়েরোনিমাস বস্্চ্-এর (1450-1516) ছবি দেখতে পারেন। আমার পছন্দের লিংক-এর মধ্যে আর্টকাইভে গিয়া (বি ও এস সি এইচ) নাম-এ খোঁজ করলে ওনার ছবি পাইবেন। মনে হইতে পারে সু্যররিয়ালিস্ট ছবি। কিন্তু উনি অনেক আগেই আঁকছেন, এবং সেইটারে কোনো আন্দোলনে যুক্ত করেন নাই।
ছবি আঁকতে গেলে ইমেজের সমাজ সম্মত বা রীতি সম্মত ধারণায় ব্যাতিচার ঘটে, সেই জিনিসরে সু্যররিয়ালিজম বইলা নির্দেশ করা সহজ। হয়তো এই দোষে আমার ছবি দুষ্ট। হউক গা!
পান্থপথ, ঢাকা 10/2/06
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




