
দীর্ঘদিন ধরে আমার ইচ্ছা, একটা ঔষধের দোকান দেব
দিনের শেষে- অফিস শেষে,
সন্ধ্যার পর থেকে ফার্মেসীতে অনেক রাত পর্যন্ত
তুমি আসবে আমার কাছে- মাথা ব্যাথা অথবা
ঘুমের ঔষধ নিতে।
একটা রিকশা কিনব, তুমি আরাম করে বসবে
বাতাসে উড়বে তোমার চুল আর শাড়ির আঁচল
ক্যাম্পাসে দেব নামিয়ে তোমাকে, তুমি ক্লাশ করবে
আমি অপেক্ষা করবো, ক্লাশ শেষে তোমাকে নিয়ে
দিয়ে যাব তোমার বাড়িতে। ভাড়া কিন্তু নেব না।
অনেক দিন থেকে ভাবছি- একটা চশমার দোকান দেব
চারিদিকে সাদা আলো ঝলমল করবে-
তুমি আসবে আমার দোকানে,
কালো ফ্রেমের চশমা অথবা সোনালী ফ্রেমের চশমা
তোমার জন্য, ভেবে রেখেছি আমি।
তোমার বাড়ির সামনে ভোরবেলা ভ্যান গাড়িতে করে
টাটকা শবজি বিক্রি করবো-
তুমি নীল শাদা শাড়ি পড়ে- যেন একটুকরো আকাশ হয়ে
আমার কাছ থেকে একঝুড়ি শবজি কিনে নিয়ে যাবে
এক কেজি আলু নিলে, আমি দিয়ে দিব দুই কেজি।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



