
ইদানিং প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবি ''মৃত মানুষের সাথে যোগাযোগের পদ্ধতি আর অল্প কিছু দিনের মধ্যেই আবিস্কার করে ফেলব।'' এটা ভাবলে নিজেকে মহৎ মনে হয়। তাই বেশ তৃপ্তি পাই। রাতে ঘুম ভালো হয়। সকালে বেশ ফুরফুরা লাগে। আসলে নিজেকে আমার মিথ্যামিথ্যি নায়ক ভাবতেও ভালো লাগে। মনে মনে সারাদিন কত দুষ্টলোককে যে শায়েস্তা করি তার ইয়ত্তা নেই। এই খেলাটা সেই ছোটবেলা থেকে আজও খেলে চলেছি। হয়তো আমৃত্যু খেলে যাবো। বড়ই মজার খেলা।
আমি জানতাম আজ বৃষ্টি হবে। গতকাল ঘোষনাও দিয়েছিলাম। ঠিকই তুমুল বৃষ্টি নেমেছে। সাথে ঝড়ো হাওয়া। সন্ধ্যায় মগবাজার মোড় থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম-হুট করে পড়ে গেলাম ঝড়ের মধ্যে। আশ্রয় নিলাম একটা হাসপাতালে। টানা আধা ঘন্টা ঝড় তুফান হলো। বিদ্যুৎ চলে গেল। রাস্তায় পানি জমে গেল। গর্তে লুকিয়ে থাকা ইঁদুর গুলো বের হয়েছে এসেছে। ঠিক এরকম সময়তে আমাকে দু'জন ফোন দেয়। মা আর সুরভি। আজ ইচ্ছা করেই তাদের ফোন ধরিনি। করুক, একটু চিন্তা করুক। মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছে আর চিন্তা করবে না, তা তো হয় না। আমি রাত আট টায় ভিজে কাক হয়ে বাসায় ফিরলাম।
সকালে এক কাজে গেলাম কুড়িল, বিশ্বরোড। পাঠাওতে করে গেলাম। খুব অল্প সময় লেগেছে। তবে বাসে গেলে ভাড়া অনেক কম লাগতো। আজ যেখানেই গেলাম সবাই দেখি আগুন নিয়ে কথাবার্তা বলছে। আমি সবার কথা চুপ করে মন দিয়ে শুনি। তাদেরকে বুঝতে চেষ্টা করি। কারো কথাই আমি অবহেলা করি। ক্ষুদ্র একটা চারাগাছ'ই তো এক সময় বিশাল হয়। কাউকেই অবহেলা করা ঠিক নয়। আজ দুপুরে ইচ্ছা মতোন হাজীর বিরানী খেলাম। আবুল হোটের উলটা পাশে হাজীর বিরানীর নতুন শাখা খুলেছে।
আমি মানুষ চিনতে খুব ভুল করি। বারবার ভুল করি। তাই আবার আগের মতোন বই পড়া শুরু করেছি। প্রতিদিন কমপক্ষে তিন ঘন্টা পড়ি। বই পড়ার বিকল্প তো কিছু নেই। বই পড়লে মানুষ চেনা যায় অতি সহজেই। আমি মানুষ চিনতে খুব বেশী ভুল করি। শত্রুকে মনে করি বন্ধু। আর বন্ধুকে মনে করি শত্রু। কেউ আমার সাথে শত্রুতা করলে আমি ভুলে যাই। ইচ্ছা করে ভুলি না। অটোমেটিক ভুলে যাই। একদিন দেখা যায় আমি আমার শত্রুর সাথে হাসি মুখে চা খাচ্ছি। গল্প করছি। অথচ কোনো এক সময় সে আমার পিঠে ছুরি চালিয়েছিল। আমাকে ঝাজরা করে দিয়ে ছিল।
কিছু কিছু মুভি আর কিছু কিছু বই আমি দুইবার করে দেখি, পড়ি। তবে শরতচন্দ্রের 'দত্তা' আর রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' প্রতি বছর একবার করে পড়ি। গত দশ বছর ধরে তো তাই'ই করছি। আর চার্লি চ্যাপলিনের মুভি গুলো হাজার বার, লক্ষবার দেখেছি। আরও দেখব। দূর্দান্ত অভিনয় যা আমাকে বারবার মুগ্ধ করে। যতক্ষন বই আর মুভির সাথে থাকি বেশ আনন্দে থাকি। মানুষ আমাকে আনন্দ দেয় না। আনন্দ দেয় বই আর মুভি। রক্ত মাংসের মানূষের চেয়ে বই আর মুভি অনেক ভালো। প্রতিটা মানুষের মধ্যে জটিলতা আর কুটিলতায় ভরা। স্বচ্ছ সহজ সরল পবিত্র মানুষ দুনিয়াতে নেই।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




