
ছবিঃ আমার তোলা।
সুন্দর একটা দিন।
চারিদিকে রোদ ঝলমল করছে। মিষ্টি বাতাস আছে। কোনো কারন ছাড়াই কোনো কোনো দিনটা খুব ভালো লেগে যায়। যা দেখি সবই ভালো লাগে। রাস্তার পাশের চায়ের দোকানের চা-টাকেও অসাধারণ মনে হয়। আমার পকেটে আছে মাত্র সাতচল্লিশ টাকা। এই টাকা দিয়ে সারাদিন কি করে চলবে! থাক, আপাতত টাকা পয়সা নিয়ে ভেবে দিনটা মাটি করার কোনো কারন নেই। রিজিকের মালিক আল্লাহ। উনি ভাগ্যে যা রেখেছেন তাই হবে। উনি যদি চান আমি আজ দুপুরে না খেয়ে থাকবো। তাহলে কারো সাধ্য নাই আমাকে খাওয়ায়। আবার উনি যদি চান- আজ দুপুরে আমি এসি রুমে ব্সে বার্গার আর কোক খাবো। সেটাও কেউ আটকাতে পারবে না। মানব জীবনের সবই পূর্ব নির্ধারিত।
বাসে করে যাচ্ছি।
কোথায় যাচ্ছি বলব না। ভাগ্য বেশ ভালো সিট পেলাম। তাও আবার জানালার পাশে। হঠাৎ একজন তরুনী মেয়ে উঠলো কিন্তু আর সিট নেই। মেয়েটি খুব সুন্দর। চোখে মোটা করে কাজল দিয়েছে। মাথা ভরতি চুল। কপালে ছোট্ট একটা টিপ। মুখটা ভীষন মায়াময়। এই মুখের দিকে অনেকক্ষন তাকিয়ে থাকলেও বিরক্ত লাগবে না। আমি লাফ দিয়ে উঠে বললাম, আসসালামুয়ালাইকুম, নিন এইখানে বসুন। মেয়েটি হাসি মুখে আমার সিটে বসল। বলল, আপনি কি সব সময় মেয়েদের এই রকম সিট ছেড়ে দেন? আমি বললাম জ্বী দেই। ছোটবেলা থেকেই। কিন্তু আমাকে দেখে কেউ কোনোদিন সিট ছেড়ে দেয়নি। মেয়েটি চোখ দিয়ে আমায় বলল, আপনি এত ভালো কেন? না, না এতটা ভালো হবেন না। এই সমাজে ভালো মানুষদের অনেক কষ্ট হয়।
ঘটনা চক্রে আমরা একই জাগায় দু'জন নামলাম।
মেয়েটি বলল, আমার খুব ইচ্ছা করছে আপনাকে একটা বার্গার আর কোক খাওয়াই। আমি বললাম, চলুন। ঠিক তখন আমাদের মাথার উপরে সূর্য। চারিদিকে কড়া রোদ। একেবারে স্বচ্ছ কাচের মতোন রোদ। সকালের মিষ্টি রোদটা কেটে গেছে। আমরা একটা ফাস্টফুডের দোকানে ঢুকলাম। দোকানে ঢুকার সাথে সাথে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এসির মজাই অন্য রকম। দোকানটা কি সুন্দর করে সাজানো গোছানো। এত দামী দোকানে কারা আসে? যারাই আসুক, তারা বড্ড ভাগ্যবান। আমার ভাগ্যটা কেন ভাগ্যবানদের মতো হলো না! কত না আফসোস নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে।
আমি আরাম করে বার্গার আর কোক খেলাম।
বেশ ক্ষিধে পেয়েছিল। মেয়েটি কিভাবে বুঝলো কে জানে! এই জন্যই মেয়েদের মায়াবতী বলা হয়। আমার এত খুশি লাগছে যে ইচ্ছা করছে মেয়েটাকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে দেই। মেয়েটি বলল, আপনার হাতে কাজ না থাকলে আমার সাথে চলুন। আমি বিনা দ্বিধায় চললাম। সন্ধ্যা পর্যন্ত আমরা একসাথে ছিলাম। মেয়েটির সাথে আমার খুব ভাব হয়ে গেল। গতমাসে মেয়েটি আমস্টারডাম গিয়েছিল। অনেকদিন পর আজ বিকেলে মেয়েটির সাথে দেখা হবে। মেয়েটা বুঝেছে আমি ভালো মানুষ। এই জন্য আজও সে আমার সাথে সম্পর্ক রেখেছে।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




