
আজ ছিলো বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।
৪১ তম। এ বছর ৪ লাখ ৭৫ হাজার পরীক্ষা দিয়েছে। এ বিসিএসে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধু মাত্র ঢাকা থেকেই এ বছর পরীক্ষা দিয়েছে দুই লাখের বেশী। যে কোনো পরীক্ষা আমার ভালো লাগে। আমি অস্থির বোধ করি। প্রশ্ন হাতে না পাওয়া পর্যন্ত আমি শান্তি পাই না। যদিও আমি পরীক্ষার্থী না। তবু প্রশ্ন গুলো সংগ্রহ করি। আমি নিজেই পরীক্ষা দেই। প্রতিবার দেখা যায়- আমি খুব ভালো পরীক্ষা দেই। বেশির ভাগ প্রশ্নের উত্তর আমার জানা। নিজের প্রতি আমি নিজেই মুগ্ধ হই।
আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি।
সরাসরি পুরান ঢাকা চলে গেছি। সেখানেই সকালের নাস্তা করেছি। নেহারি আর তন্দুর রুটি। নেহারি টা ভালো ছিলো। তারা মসজিদের কাছে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। সেখানে আজ পরীক্ষা হয়েছে। মোট ১৫ শ' জন পরীক্ষা দিয়েছে। পনের শ' জন পরীক্ষার্থীর সাথে গিয়েছে তিন হাজার লোক। চারিদিকে মানুষ আর মানুষ। হিজিবিজি অবস্থা। পরীক্ষার্থীদের সাথে আসা লোকজন নানান পন্ডিত মার্কা কথা বলছে। দুই ঘন্টা আমি চুপ করে তাদের জ্ঞানগর্ব কথা শুনে গেলাম।
আমি চারপাশ দেখছি।
পুলিশ সমানে বাঁশি বাজিয়ে যাচ্ছে। দশ টায় পরীক্ষা। সাড়ে আট টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ শুরু করেছে। কাউকে ঘড়ি, ক্যালকুলেটর, কানের দুল, চুড়ি ইত্যাদি ভিতরে নিয়ে যেতে দেয় নি। এমন কি যেসব মেয়েরা হিজাব পড়েছে। তাদের হিজাব খুলে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। কঠিন চেক হয়েছে। কোনো ছাড় নাই। সবার শরীরের তাপমাত্রা চেক করে ভিতরে প্রবেশ করা হয়েছে। কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা ছিলো। ঝামেলা বিহীন সুন্দর পরীক্ষা হয়েছে।
দশ টা থেকে বারো টা।
দুই ঘন্টা পরীক্ষা হয়েছে। এই দুই ঘন্টা আমি অন্যান্য গার্জেনদের সাথে বসে ছিলাম। তাদের গল্প শুনছিলাম। বারোটা বাজলো। পরীক্ষার্থীরা সব বের হয়ে এলো। তারা একেক জন একেক রকম কথা বলছে। কেউ বলছে, প্রশ্ন সহজ হয়েছে। কেউ বলছে খুব কঠিন হয়েছে। কেউ কেউ একজন আরেকজনের সাথে উত্তর মিলাচ্ছে। কারো কারো চোখে মুখে দারুন আত্মবিশ্বাস দেখেছি। আজকাল আত্মবিশ্বাস মানুষের মধ্যে খুব কম দেখা যায়।
প্রিমা নামের এক মেয়ের সাথে দেখা।
সে পরীক্ষা দিয়েছে। প্রিমা আমাদের এলাকায় থাকে। সম্পর্কে আমার ছোট বোনের মতোন। আমি তার কাছ থেকে প্রশ্ন নিলাম। সে বেশ ভালো পরীক্ষা দিয়েছে। সে আশাবাদী। প্রিমার সাথে গল্প করতে-করতে একটা বেজে গেলো। আমি তাকে নিয়ে হানিফ বিরানী খেলাম। তারপর দুইজন গল্প করতে করতে বাসায় ফিরলাম। বাসায় এসে আমি সেই প্রশ্নে পরীক্ষা দিলাম। চমৎকার হয়েছে পরীক্ষা। আমি ভালো করেছি। পড়াশোনা ছাড়া পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়েছি।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




