আমার ন্যাশনাল আইডি কার্ড হারিয়ে গেছে বেশ কিছুদিন আগে। আলসেমি করে যাওয়া হচ্ছিলো না। এবার সীমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে গিয়ে আইডি কার্ডের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে গতমাসে অনলাইন থেকে ফর্ম নামিয়ে পুরন করে ব্যাংকে টাকা জমা দিয়ে নির্বাচন কমিশনের আগারগাও আফিসে জমা দিয়েছি। জমা দিতে তেমন একটা বেগ পেতে হয় নি। কার্ড দেবার তারিখ দিলো এক সপ্তাহ পর। আজ আইডি কার্ড আনতে গিয়ে দেখি বিশাল লাইন। নয়টায় অফিস খুলবে কিন্তু আমি ৮ টার পরে গিয়েই লাইনে দাঁড়িয়ে পরলাম। ঘন্টা খানেক দাঁড়িয়ে থেকে ডাক পেলাম। কাউন্টারে গিয়ে আমার ডুপ্লিকেট কার্ড গ্রহন করলাম। কার্ড হাতে নিয়ে অবাক, আমার নাম সামছ এর জায়গায় সাম্ছ ছেপেছে। আমি দেখাতে বললো পুরোনোটার ফটোকপি আছে কিনা? আমি ফোনে থাকা কপি দেখালাম। পাঠিয়ে দিলো তথ্য কেন্দ্রে। ওখানে গিয়ে দেখাতেই, তারা সংশোধন এর টোকেন দিয়ে ৭ তালায় যেতে বললো। গেলাম সাত তলায়, আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে ভেতরে যাবার অনুমতি পেলাম। কাউন্টার থেকে পাঠালো এক অফিসারের কাছে।
সেখানে লাইনে দাঁড়িয়ে তাকে দেখানোর পর উনি বললেন সমস্যা যুক্ত বর্ণের। আমাকে পাঠালেন আরেক আপার কাছে। উনি দেখে বললেন ওনাদের ভুল, হসন্ত ছিলো তা বাদ দেয়ায় ম আর ছ যুক্ত হয়ে গেছে। আমাকে পাঠালেন আরেকজনের কাছে। সেখানে আবার নতুন কার্ড, পুরোন কার্ডের ছবি দেখে বললেন আবার আবেদন করতে হবে সংশোধনের জন্য। আমি একটু রেগে গিয়ে জানতে চাইলাম, আমি চেয়েছি ডুপ্লিকেট আপনারা সেটা না দিয়ে বানান চেঞ্জ করলেন কেন? উনি আমাকে একটা আবেদন পত্র ধরিয়ে দিয়ে পুরন করে আনতে পাঠালেন। আসার পর পাঠিয়ে দিলেন তার বসের কাছে । সেই আপা সব দেখে এবং জেনে নোট লিখে দিলেন, আই টি সিস্টেমের ভুল তাই ফী বিহীন সংশোধন করে দেয়া যেতে পারে। লিখে সাইন করে পাঠালেন আরেক টেবিলে। সেখানে গিয়ে আবার বিশদ বলার পর তিনি সিস্টেমে চেক করে দেখলেন সমস্যা আসলেই তাদের। তাই তিনি একটা রেজিস্ট্রেশ্ন নাম্বার লিখে আবার আগের টেবিলে পাঠালেন।
সেখানে গিয়ে তাকে আবেদন পত্র দেয়ায় তিনি দেখে রেখে দিলেন আর বললেন বিকেল চার টার পরে প্রিন্ট হয়ে যাবে এসে নিয়ে যেতে। তখন ১২ টা বাজে তাই তাকে অনুরোধ করলাম আমি আগামীকাল এসে নিলে কোন সমস্যা আছে কিনা? বা অন্যকেউ এসে আমার কার্ড নিতে পারবে কিনা? আমি নিলেই ভাল, বলায় তাকে ধন্যবাদ দিয়ে কাল আসবো বলে বেড়িয়ে এলাম।
সিড়ি দিয়ে নামতে নামতে ভাবছিলাম, ভুল তাদের আর হয়রানি আমাদের!!!
আমি আমার আগের এবং আজ পাওয়া কার্ডের ছবি দিচ্ছি। দয়া করে কেউ ভূত ভাববেন না। এটা জ্বলজ্যান্ত একজন মানুষের ছবি।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

