------------------------------------ রমিত আজাদ

২১৬।
ভালোবাসায় আকাশ রাঙে, আরো রাঙে সমুদ্র রঙ!
নীল ছুঁয়ে যায় নীলিমাকে, মেঘের সাজে হরেক ঢং!
বিরহে তার পৃথক ছবি, হিম মুকুরে রক্তিমা!
ধুসর মেঘে আকাশ ভরে, হারায় ভরাট চন্দ্রিমা!
২১৭।
বলছে হৃদয় বলতে থাকুক, আঁখি তো আর বলে না!
ফুটছে প্রসূন ফুটতে থাকুক, পাখি তো আর ডাকে না!
রাত্রী বলে থেকেও নেই, দিবস বলে এসেও নেই,
বৃথাই তবে এষণ আজি, রাত্রী-দিবস রোদন সেই!
২১৮।
আমার কি আর বন্ধু আছে, যার কাছে মন বন্দী?
চলার পথের সঙ্গী আছে, যার সাথে হয় সন্ধি।
সোনার থালায় ডিনার চলে সহকর্মী পেলে,
কলার পাতায় অন্ন মাখার সহচর না মেলে!
২১৯।
শীতের ছোঁয়া লাগছে বনে, শিশির ঝরে হরষে,
উষ্ণতা নেই আজ কতকাল তোমার মধুর পরশে!
স্বর্গ-সুখের আলিঙ্গনে জুঁই ফোটা সেই সুধার রেশ,
তুষার ঝরে অশ্রু হলো ফেলে আসা শীতের দেশ!
২২০।
নুপূর বাজে রিনিঝিনি, নৃত্যকলার শিঞ্জিনী,
সাকির চলার ছন্দকলা, নেশাতুরে অঞ্জনি।
আঁখির মদির তৃষ্ণাতুরে ঢেউয়ের দোলা মৌতাতে,
ভর-পিয়ালায় পান করিয়ে, উসকে দেবে মৌচাকে!
---------------------------------------------------------------
রচনাতারিখ: ২৯শে নভেম্বর, ২০১৯
সময়: রাত ৩টা ১০মিনিট
Rubai 216, 217, 218, 219, 220
------------------------ Ramit Azad
(ছবি আকশজাল থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



