“জানি না আজ কয়টা ফুল ফুটেছে? তবু
আজ বসন্ত। বাতাসের প্রস্তর গুনে চলা
ক্ষণে, অপলক চেয়ে থাকা দিগন্ত শপথ
নেয়, ফুল ফোঁটার জন্য অপেক্ষা দেয়,
যুগ থেকে যুগান্তর, কাল অনন্ত।
কবি বলেছিল, ফুল ফুটুক আর নাই
ফুটুক,আজ বসন্ত। আজ তাল মিলিয়ে
বলছে, কোকিল ডাকুক আর নাই
ডাকুক, কাল বসন্ত।
বিলাস করার দল আজ জমিয়েছে আড্ডা,
মোহনার সুর তুলতে ব্যস্ত আজ বাদক,
জড়ানো কণ্ঠে একটা গান গেয়ে যায় কথক।
জলের ভাঁজে মাছেরা হুটোপুটি করছে,
হই-হুল্লোড়ে মেতে আছে দুষ্টু ছেলের দল,
আড়িপাতা দুপুরবেলায় চেয়ে আছে বাসন্তি,
একটানা, চোখ উদ্ভ্রান্ত, হতবিহ্বল।
তবুও বাসন্তির বসন্ত-বিলাস শেষ হয় না।
কিছু একটা আঁকার আশায় একটানা তুলি
চালিয়ে যায় পটের পাতায়। একটা কুঞ্চিত
নাক, একটি থেকে দুটি, দুটি থেকে চারটি।
ঠিক এইভাবেই আঁকা হয়ে যায় দাঁত বের
করা হাসি, উন্মীলিত আঁখিযুগল।
আঁকা শেষে। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে সে।
ও মা!!
এতো দেখছি রফিক, সালাম, বরকত। জবার।
তার দিকে তাকিয়ে আছে, অদ্ভুত সাফল্যে।
বাসন্তি ভাবে, সেদিনের দুপুরটাও বুঝি এমন
ছিল। যেদিন ভাষাশহিদেরা বুকের রক্ত দিয়েছিলো
রাজপথে। তাই, বাসন্তির আজকের বসন্ত বিলাস
উৎসর্গ করে তাদের। যাদের জন্য আজ বুক উঁচিয়ে,
মুখ তুলে গাইতে পারে,
আমার ভাইয়ের রক্তে রাঙানো। একুশে
ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি?
বাসন্তির মতই হোক আমাদের সকলের জন্য কালকের দিনটি।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা রইলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


