![]()
নির্ঘুম রাত পেরিয়ে ভোরের শিশির জানিয়ে দেয় লুকোনো সংবেদের কাব্য। শিশির সুন্দর নাকি শরীর ছুঁয়ে যাওয়া বাতাস বেশী তৃপ্তির, এই তুলনায় নিরপেক্ষ হাসিমুখে দাঁড়িয়ে থাকি কিংবা দ্বিধাগ্রস্ত হয়ে দেখি ঝুলে থাকা ইচ্ছাপুরন ঘুড়ি।
গতকাল শেষ বিকেলের বাতাসে পৃথিবীর পথ ছেড়ে, পাখির ডানায় ভেসে চলে গেছি অন্য কোথাও, অন্য সুরের ভাঁজে। সে পাখি শান্ত মনে কখনো বাঁধে নি বাসা, সাঁঝের কুয়াশায় খুঁজে ফিরেছে মিথ্যে আশা। ছায়ার উপরে তার নিজের পাখা মেলে উড়েছে একা নদীর কিনারে।
চোখের কোণে বিহ্বলতা ছেয়ে হারিয়ে গেছে একরাশ উল্লাস, হতাশ হৃদয় জুড়ে যাওয়া আসা করে দীর্ঘশ্বাস। দেয়াল জুড়ে ধুলো জমা পিকাসোর প্রতি গজে পাপের সমান পাঁচটি আঙুলের ছাপ। ছাদের কোনে নেই যত্নের ফুলবাগানটা, ফুল ছিঁড়ে সাজিয়েছি নীল নকশার পাপ।
হতাশার বলিরেখা ছবি আঁকে প্রতিদিন, তুষের আগুনে পোহানো অতীত ক্লান্তিহীন। ভাঙা জানালায় লেখা গল্পগুলো মুছে যায় ঠুলি দেয়া অন্ধকারের চোখ আড়াল করে। শহরের সব নিয়ন আলোর ওপারে বর্ণহীণ ছায়া হলো বিলীন।
আলোকে চুমু দিয়ে বিদায় বলে, জড়িয়ে ধরেছি মৃত্যুর জড়তা। অন্তরের অবসাদকে সমুদ্র দিয়ে, নক্ষত্রের সাথে গড়েছি সখ্যতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



