somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশীথের প্রতিবিম্ব

১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসের ছুটির পর নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। অনেক ঘুরাঘুরি করে দুইটা শার্ট ও একটা প্যান্ট আর হাফ ডজন টির্শাট নিলাম। মার্কেট থেকে বের হয়ে টেম্পুর জন্য দাঁড়িয়ে আছি। পকেট থেকে নোকিয়া ১১০০ ফোনটা বের করে সময় দেখলাম। রাত ১০টা ৫০ মিনিট। একটা টেম্পুতে উঠে বহদ্দারহাট বাস টার্মিনালে এলাম। সেখান থেকেই কানুনগো পাড়ার বাসে উঠলাম।
বাসে যাত্রী কম থাকায় আরও যাত্রী তোলার জন্য সেটি দাঁড়িয়ে ছিল। প্রায় ২০ মিনিট পর বাস ছাড়ল। আমাদের বাসে তেমন যাত্রী নেই, হাতে গোনা ১০-১৫ জন হবে। কাপ্তাই রাস্তার মাথায় ৪-৫ জন নেমে গেল। কালুরঘাটে আসতে আসতে আরও ২-৩ জন নেমে গেল। এখন বাসে আমরা মাত্র সাতজন আছি।
কালুরঘাট ব্রিজের কাছে এসে বাসটি আবার টার্মিনালের দিকে ঘুরিয়ে নিতে শুরু করলো। আমরা যারা কানুনগো পাড়ার যাত্রী, সবাই চিৎকার শুরু করলাম। কেন আমাদের গন্তব্যে পৌঁছে না দিয়েই গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে? বাসের হেল্পার বলল, এত কম যাত্রী নিয়ে এত দূরে গেলে তাদের পোষাবে না। ব্রিজের টোল আছে, তেলের খরচ আছে। তাই সে সবার ভাড়া ফেরত দিয়ে দিচ্ছে।
অনেকক্ষণ ঝগড়া করেও কোনো লাভ হলো না। গাড়ি আর যাবেই না। কী আর করার, আমরা সবাই নেমে গেলাম। রাস্তায় একটাও গাড়ি নেই। দুই-একটা টু-স্ট্রোক ট্যাক্সি আছে, কিন্তু তারাও যেতে রাজি হচ্ছে না। আর কোনো উপায় না দেখে সিদ্ধান্ত নিলাম, হেঁটে ব্রিজ পার হয়ে ওপারে গেলে হয়তো গাড়ি পাওয়া যাবে। যে যার মতো ব্রিজে উঠে পার হওয়া শুরু করল।
শীতের রাত। চারপাশের কুয়াশা এতটাই ঘন যে ব্রিজের ওপার তো দূরের কথা, দুই হাত সামনের রেলিংটাও দেখা যাচ্ছে না। ব্রিজের উপর আমাদের জুতোর শব্দ ছাড়া চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ। আমি সবার পেছনে পেছনে হাঁটছিলাম।
ব্রিজের ঠিক মাঝামাঝি আসতেই হঠাৎ খেয়াল করলাম, আমার সামনে কাউকে দেখা যাচ্ছে না। হয়তো তারা সবাই অনেকটা এগিয়ে গেছে। ঘন কুয়াশার কারণে তাদের কাউকেই আর দেখা যাচ্ছে না। পেছনেও কেউ আছে কি না, বুঝতে পারছিলাম না। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। এখন শুধু ব্রিজের ওপর আমার জুতোর শব্দ শোনা যাচ্ছে।
কয়েক গজ সামনে একজনকে দেখতে পেলাম। কালো বোরকা পরা মহিলা খুব ধীর পায়ে হেঁটে যাচ্ছেন। তাঁর মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা। তাঁকে দেখে একটু স্বস্তি পেয়েছিলাম। মনে হলো, যাক, অন্তত একজন মানুষ তো দেখা যাচ্ছে। একা একা ব্রিজ পার হওয়ার চেয়ে কারও সঙ্গে থাকলে ভয়টা একটু কম লাগবে।
আমি হাঁটার গতি বাড়িয়ে মহিলাটির কাছাকাছি থাকার চেষ্টা করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি যত দ্রুতই হাঁটি না কেন, তাঁর সঙ্গে আমার দূরত্ব একই থেকে যাচ্ছে। মনে হচ্ছিল, তিনি আমার হাঁটার গতির সঙ্গে তাল মিলিয়েই চলছেন। অথচ তাঁর পায়ের দিকে দেখলে মনে হচ্ছিল, তিনি খুব ধীর গতিতেই হাঁটছেন। ভাবলাম, হয়তো আমার চোখের ভুল। কুয়াশার কারণে দূরত্ব ঠিকমতো বুঝতে পারছি না। কিন্তু কয়েকবার চেষ্টা করেও তাঁর কাছাকাছি যেতে পারলাম না। প্রতিবারই একই ঘটনা ঘটল। আরও অদ্ভুত বিষয় হলো, এতক্ষণ ধরে তাঁর পেছনে হাঁটলেও মহিলাটির পায়ের কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না। আমার জুতোর শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে, অথচ তাঁর হাঁটার কোনো আওয়াজ নেই। সাহস করে পেছন থেকে ডাকতে গিয়েও থেমে গেলাম। কী বলব তাঁকে? এত রাতে, এমন নির্জন ব্রিজে একজন অপরিচিত মহিলাকে ডাকাটা কেমন যেন অস্বস্তিকর লাগছিল, কি না কি মনে করে আবার।
তাঁর পেছনে হাঁটতে হাঁটতে কখন যে ব্রিজের এপারে চলে এসেছি, বুঝতেই পারিনি। ব্রিজের শেষ মাথায় এসে দেখি, মহিলাটি আমার সামনে নেই। আমি থমকে দাঁড়ালাম। এতক্ষণ যিনি আমার সামনে হাঁটছিলেন, তিনি গেলেন কোথায়? পেছনে ফিরে তাকাতেই বুকের ভেতরটা ধক করে উঠল। মহিলাটি আবার ব্রিজের ওপর হাঁটছেন। তবে এবার তিনি যে দিক থেকে এসেছিলেন, সেদিকেই ফিরে যাচ্ছেন। আশ্চর্যের বিষয়, এত দূরত্ব ও ঘন কুয়াশার মধ্যেও তাঁকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম।
পকেট থেকে ফোনটা বের করে সময় দেখলাম। রাত ১২টা ২৫ মিনিট। ফোনের ছোট্ট টর্চলাইটটা জ্বালিয়ে আবার হাঁটতে শুরু করলাম। কিছুটা এগোনোর পর রাস্তার এক পাশে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দূর থেকে মনে হলো, আমাদের বাসেরই কোনো যাত্রী হবেন। লোকটিকে দেখে কিছুটা সাহস পেলাম। ভাবলাম, যাক, এবার অন্তত একজন সঙ্গী পাওয়া গেল।
আমি লোকটির দিকে এগিয়ে গিয়ে তাঁর কাছাকাছি গিয়ে বললাম,
"ভাই, আপনি কি কানুনগো পাড়ার দিকে যাবেন? ওইদিকে গেলে একসঙ্গে যাওয়া যেত।"
লোকটি কোনো উত্তর দিলেন না। মাথাটা একটু নিচু করে দাঁড়িয়ে রইলেন। আমি আরও কাছে গিয়ে আবার বললাম,
"ভাই, শুনতে পাচ্ছেন?"
এবার তিনি খুব ধীরে ধীরে আমার দিকে মাথা তুলে তাকালেন। আমার ফোনের টর্চের আলো সরাসরি তাঁর মুখের ওপর পড়তেই আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।
লোকটি আর কেউ নন, তিনি অবিকল আমি! একই মুখ, একই চোখ, একই চুল। তাঁর পরনে আমার মতোই শার্ট-প্যান্ট। হাতে ঠিক আমার মতো একটি শপিং ব্যাগ। মনে হচ্ছিল, আয়নার সামনে দাঁড়িয়ে আছি।
আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম,
"আপনি... আপনি কে?"
লোকটি কোনো উত্তর দিলেন না। শুধু আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। চোখের পলকও যেন পড়ছে না। আমার বুকের ভেতর হৃদস্পন্দনের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল, আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলে হয়তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেলব।
লোকটি আমার একেবারে কাছে এসে মাথাটা একটু কাত করলেন। তারপর আমার কানের কাছে মুখ নিয়ে খুব নিচু স্বরে বললেন,
"তুমি কি আমি?"
কথাটা শুনে আমার শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেল। আমি পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেছে।
আমার হাতের ফোনটা কেঁপে উঠল। এত রাতে কে ফোন করছে, তা দেখার মতো সাহসও হচ্ছিল না। তবুও কাঁপা হাতে ফোনের ডিসপ্লের দিকে তাকালাম। স্ক্রিনে কোনো নম্বর দেখা যাচ্ছে না।
ফোনটা রিসিভ করে কানে দিলাম। ওপাশ থেকে হুবহু আমার মতো কণ্ঠে কেউ বলল,
"তুমি কি আমি?"
আমি কয়েকবার ফোনের বোতাম চাপলাম, কিন্তু কল কাটল না। ফোনের ছোট্ট সবুজ ডিসপ্লে জ্বলছে আর নিভছে। এর মধ্যে সামনে দাঁড়িয়ে থাকা লোকটির মুখের দিকে তাকালাম। তিনি তখনো আমার দিকে তাকিয়ে আছেন। তাঁর ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি ফুটে উঠেছে। হঠাৎ ফোনের লাইন কেটে গেল। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটিও নেই।
আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। পেছন ফিরে ব্রিজের দিকে দৌড়াতে শুরু করলাম। কতক্ষণ দৌড়েছি জানি না। মনে হচ্ছিল, যতই দৌড়াই না কেন, পেছনের সেই মানুষটি এখনই আমার সামনে চলে আসবে। দৌড়াতে দৌড়াতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো অবস্থা হলো। বাধ্য হয়ে থেমে গেলাম। কিন্তু থামার পরই বুঝতে পারলাম, চারপাশের পরিবেশ বদলে গেছে। কোথায় সেই ব্রিজ? কোথায় রাস্তা? কোথায় কুয়াশা? আমি দাঁড়িয়ে আছি একটা বিশাল পুরোনো ঘরের মাঝখানে। ঘরটার ছাদ অনেক উঁচু। দেয়ালের রং উঠে গিয়ে জায়গায় জায়গায় কালো দাগ পড়ে আছে। চারপাশে একটা স্যাঁতসেঁতে ভাব। ঘরের দেয়ালে সারি সারি আয়না লাগানো। কিছু আয়না একেবারে ভাঙা, কিছুতে আবার ফাটল ধরেছে। মনে হচ্ছিল, বহু বছর ধরে কেউ এই ঘরে পা রাখেনি।
প্রথমে ভাবলাম, হয়তো কোনো পরিত্যক্ত বাড়ির ভেতরে চলে এসেছি। কিন্তু একটু পরেই আয়নাগুলোর দিকে তাকিয়ে আমার শরীর আবার ভারী হয়ে গেল। প্রতিটি আয়নায় আমার প্রতিচ্ছবি দেখা যাওয়ার কথা, অথচ কোথাও আমার প্রতিচ্ছবি নেই। একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে দেখলাম, কালো বোরকা পরা সেই মহিলাটি দাঁড়িয়ে আছেন। তাঁর পাশে আমার মতো দেখতে লোকটা। অন্য আয়নাগুলোর দিকে তাকিয়ে দেখি, কোথাও মহিলা একা দাঁড়িয়ে আছেন, কোথাও আমার মতো দেখতে মানুষটি। আবার কোনো কোনো আয়নায় দুজনকেই একসঙ্গে দেখা যাচ্ছে। আমি ভয়ে পিছিয়ে আসতে লাগলাম। ঘরের একদম শেষ প্রান্তে থাকা দেওয়ালের সঙ্গে ধাক্কা খেলাম। নিজেকে আর সামলাতে পারলাম না। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এল। তারপর মেঝেতে লুটিয়ে পড়লাম।
কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। প্রথম কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারছিলাম না। যখন চোখ খুললাম, তখন নিজেকে সেই বাসের ভেতরে জানালার পাশের সিটে বসে আছি। চারপাশে তাকিয়ে মনে হলো, সবকিছু আগের মতোই আছে। নিজেকে নিজেই বললাম, আহ! তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। কিন্তু একটু পরেই আমার চোখ গেল বাসের ভেতরের দিকে। বাসের ভেতর ও বাহিরে ঘুটঘুটে অন্ধকার। কোনো যাত্রী নেই। ড্রাইভারের সিট খালি। হেল্পারও নেই। আমি সিট থেকে উঠে দাঁড়ালাম। সামনে গিয়ে ড্রাইভারের সিটের দিকে তাকালাম। স্টিয়ারিংয়ের ওপর একটা পুরোনো কাপড় পড়ে আছে। চাবিটাও গাড়িতে লাগানো, কিন্তু ইঞ্জিন বন্ধ। আমি বাসের দরজার কাছে গেলাম, দরজাটা বন্ধ।
"হ্যালো! কেউ আছেন?"
আমার নিজের কণ্ঠস্বর বাসের ভেতরে প্রতিধ্বনিত হলো। কোনো উত্তর এল না। আরও জোরে ডাকলাম, "ড্রাইভার ভাই! হেল্পার ভাই! কেউ আছেন?" কোনো সাড়া নেই। একবার মনে হলো, হয়তো সবাই বাস থেকে নেমে গেছে, আর আমি ঘুমিয়ে থাকার কারণে একাই থেকে গেছি।
টক... টক... টক...
বাসের পেছনের দিক থেকে একটা শব্দ পেলাম। মনে হলো, কেউ যেন বাসের লোহার বডিতে বাইরে থেকে আঙুল দিয়ে টোকা দিচ্ছে। আমি আস্তে আস্তে পেছনে ফিরে তাকালাম। কিন্তু সেখানে কিছুই নেই। তখনো আমি জানতাম না বাসটা কোথায় দাঁড়িয়ে আছে। জানালা দিয়ে বাইরে তাকাতেই আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ব্রিজ, রাস্তা, কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না। জানালার ওপাশে শুধু কালো কালো কী যেন দেখা যাচ্ছে।
প্রথমে ভেবেছিলাম, হয়তো বাইরে খুব ঘন কুয়াশার কারণে চারপাশ অন্ধকার হয়ে আছে। কিন্তু একটু ভালো করে তাকাতেই বুঝলাম, বাসটি পানির মধ্যে দাঁড়িয়ে আছে। জানালার ঠিক বাইরেই কালো পানি।
আশ্চর্যজনক ব্যাপার হলো, বাসের ভেতরে এক ফোঁটা পানিও নেই। ভেতর থেকে বাইরের পানির গভীরতা বোঝার কোনো উপায় নেই। মাঝে মাঝে মনে হচ্ছিল, পানির ওপর ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে। আর সেই ঢেউগুলো এসে বাসের গায়ে ধাক্কা খাচ্ছে। আমি আতঙ্কিত হয়ে জানালার কাচে হাত রাখলাম। কাচটা বরফের মতো ঠান্ডা। বাসের নিচ থেকে একটা বিকট শব্দ হলো।
মড়ররর...
মনে হলো, পানির চাপে বাসের লোহার বডি বাঁকা হয়ে যাচ্ছে। আমি জানালা দিয়ে নিচের দিকে তাকানোর চেষ্টা করলাম। কিন্তু কিছুই দেখা গেল না। শুধু অন্ধকার।
বাসের ছাদ থেকে টুপটাপ করে পানি পড়তে শুরু করল। প্রথমে কয়েক ফোঁটা, তারপর ধীরে ধীরে পানির পরিমাণ বাড়তে লাগল। আমি দরজার কাছে গিয়ে ধাক্কা দিতে শুরু করলাম, কিন্তু দরজা একটুও নড়ল না। এর মধ্যেই বাসের ভাঙা স্পিকার থেকে একটা খড়খড়ে শব্দ ভেসে এল। মনে হলো, কেউ পুরোনো রেডিওতে স্টেশন খোঁজার চেষ্টা করছে। জানালার বাইরে থেকে কেউ খুব ধীরে ধীরে কাচে তিনবার টোকা দিল।
টক... টক... টক...
চোখ বন্ধ করে দরজার পাশে বসে পড়লাম। মনে হচ্ছিল, মৃত্যু যেন আমার একেবারে কাছে চলে এসেছে।

"ভাই! এই ভাই! ওঠেন! এখানে নামতে হবে। গাড়ি আর যাবে না!"
কারও হাতের ধাক্কায় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি, বাসের হেল্পার আমার সামনে দাঁড়িয়ে আছে। তাঁর মুখে বিরক্তির ছাপ। আমি কয়েক সেকেন্ড তাঁর দিকে তাকিয়ে রইলাম। তারপর চারপাশে চোখ বুলিয়ে দেখলাম, বাসের ভেতরে যাত্রীরা বসে আছে। কেউ হেল্পারের সঙ্গে ঝগড়া করছে, কেউ আবার নিজের ব্যাগ গোছাচ্ছে। ব্রিজের মহিলাটি নেই, আমার মত দেখতে লোকটা নেই, কালো পানি নেই, সেই পরিত্যক্ত ঘরও নেই। সবকিছু আগের মতো স্বাভাবিক।
আমি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। মনে হলো, এতক্ষণে যেন বুকের ওপর থেকে বিশাল একটা পাথর নেমে গেল। সত্যিই কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কপালে হাত দিয়ে দেখলাম, ঘামে পুরো কপাল ভিজে গেছে। শার্টের পিঠও ঘামে স্যাঁতসেঁতে হয়ে আছে। নিজেকে বোঝালাম, হয়তো সারাদিনের অফিসের কাজ, শপিং আর রাতের ক্লান্তির কারণে এমন অদ্ভুত স্বপ্ন দেখেছি।
পকেট থেকে নোকিয়া ফোনটা বের করে সময় দেখলাম।
রাত ১১টা ৫৫ মিনিট।
ফোনটা পকেটে রাখতে যাব, ঠিক তখনই চোখে পড়ল ইনবক্সের ছোট্ট চিহ্নটা। সেখানে একটা আনরিড মেসেজ দেখাচ্ছে। ফোনের ইনবক্স খুললাম। অজ্ঞাত নম্বর থেকে একটা মেসেজ এসেছে।
সেখানে লেখা:
"তুমি কি আমি"
মেসেজটা পড়ার পর আমার আর বাস থেকে নামার সাহস হলো না। বাসের বাকি ছয়জন যাত্রী তখনো হেল্পারের সঙ্গে তর্ক করছে। সবাই বলছে, এত দূর এসে এখন মাঝপথে নামিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।
কিন্তু আমার মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। আমি একবার বাসের জানালা দিয়ে বাইরে তাকালাম। দূরে ঘন কুয়াশার মধ্যে কালুরঘাট ব্রিজের কিছুটা অংশ দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে ব্রিজটাকে কেমন যেন অন্যরকম ভয়ংকর সুন্দর লাগছিল।
অন্য যাত্রীরা একে একে বাস থেকে নেমে ব্রিজের দিকে হাঁটতে শুরু করল। আমি নিজের সিটে বসে রইলাম। ড্রাইভার বাস ঘুরিয়ে দিলেন। হেল্পারও উঠে এসে দরজার পাশে দাঁড়াল। বাস ধীরে ধীরে টার্মিনালের দিকে চলতে শুরু করল। আমি পেছনের সিটে বসে জানালা দিয়ে ব্রিজটার দিকে তাকিয়ে রইলাম। যত দূরে যাচ্ছিলাম, ব্রিজটা ততই কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছিল।
রাত প্রায় সাড়ে বারোটার দিকে বহদ্দারহাট টার্মিনালে পৌঁছালাম। বাস থেকে নেমে রাস্তার পাশের একটা ছোট দোকানে গিয়ে বসলাম। মাথাটা তখনো ভার হয়ে আছে। এককাপ চা ও একটা সিগারেট ধরালাম তারপর ফোনটা বের করে আবার মেসেজটা দেখতে গেলাম। কিন্তু ইনবক্স খুলতেই অবাক হয়ে গেলাম। কোনো মেসেজ নেই! পুরো ইনবক্স ফাঁকা। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো অতিরিক্ত ক্লান্তি আর ভয় থেকে এসব কিছু কল্পনা করেছি।
এক বন্ধুকে কল দিয়ে ওর বাসায় চলে গেলাম। রাতটা সেখানেই কাটালাম। বাড়িতে ফোন করে জানালাম, শপিং করতে রাত হয়ে গেছে, তাই বন্ধুর বাসায় থেকে যাচ্ছি। আগামীকাল জুমার নামাজের আগেই চলে আসব।
পরদিন সকাল ১০টার দিকে আবার কালুরঘাট ব্রিজে পৌঁছালাম। দিনের আলোয় সবকিছু বেশ স্বাভাবিক লাগছিল। মানুষজন নিজেদের কাজে ব্যস্ত। কেউ হেঁটে পার হচ্ছে, কেউ গাড়িতে করে যাচ্ছে। গত রাতের স্বপ্নে ঘটে যাওয়া ভয়ংকর পরিবেশের সঙ্গে এই জায়গাটার যেন কোনো মিলই নেই। হাঁটতে হাঁটতে ব্রিজের মাঝামাঝি চলে এলাম। ঠিক সেই জায়গাটায়, যেখানে গত রাতে প্রথমবার নিজেকে একা আবিষ্কার করেছিলাম। কিছুক্ষণ রেলিংয়ের পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে রইলাম। দিনের আলোয় নদীর পানি খুব সুন্দর দেখাচ্ছে। হঠাৎ চোখ পড়ল রেলিংয়ের পাশে পড়ে থাকা একটা ছোট জিনিসের দিকে। কৌতূহলবশত কাছে গিয়ে জিনিসটা হাতে তুলে নিলাম। একটা পুরোনো নোকিয়া ১১০০ ফোন। ফোনটা দেখে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কারণ ফোনটা দেখতে অবিকল আমার ফোনের মতো। এমনকি পেছনের কভারের একপাশে যে ছোট্ট আঁচড়টা আমার ফোনে আছে, সেটাও এতে রয়েছে। আমি নিজের পকেটে হাত দিয়ে দেখলাম, আমার ফোনটা ঠিকই আছে।
তাহলে এটা কার?
ফোনটা হাতে নিয়ে কয়েকবার চালু করার চেষ্টা করলাম। প্রথমে কিছুই হলো না। কিছুক্ষণ পর ফোনের ডিসপ্লে জ্বলে উঠল। সবুজ আলোয় একটা লেখা ভেসে উঠল।
১টি নতুন মেসেজ।
কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইলাম। ইনবক্সে কী লেখা আছে, তা জানার সাহস হলো না। শেষ পর্যন্ত আর কিছু না ভেবেই ফোনটা ছুড়ে মারলাম কর্ণফুলীর বুকে…



কালুরঘাট ব্রিজের সেই রাতের রহস্য কি সত্যিই এখানেই শেষ? নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ংকর কোনো সত্য? এই গল্পটির রয়েছে একটি পূর্ণাঙ্গ নভেলা রূপ। যেখানে গল্পের প্রতিটি রহস্য ধীরে ধীরে নতুন মোড় নেবে, উন্মোচিত হবে আরও অজানা ঘটনা, আর অপেক্ষা করবে শিহরণজাগানো কিছু মুহূর্ত।

আপনারা কি এই নভেলাটির সম্পূর্ণ রূপ পড়তে চান? আগ্রহী হলে কমেন্টে জানাতে পারেন। আপনাদের সবার আগ্রহ ও সাড়া পেলে নভেলাটি ধারাবাহিকভাবে আমার ব্লগে প্রকাশ করা হবে। আপনাদের আগ্রহই ঠিক করবে, কালুরঘাট ব্রিজের সেই অজানা ও শিহরণজাগানো রহস্যের পরবর্তী অধ্যায় আপনাদের সামনে উন্মোচিত হবে কি না!

আপনি কি রহস্যের গভীরে যেতে প্রস্তুত?


সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×