গুটিকয়েক ছাত্রনেতার অপকর্মের জন্য পুরো ছাত্রলীগ, আওয়ামী লীগ তথা বর্তমান সরকারের দুর্নাম হচ্ছে। তাই যারা এ অপকর্মের সঙ্গে জড়িত তাদের ছাত্রলীগ থেকে বের করে দেওয়া উচিত।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বর্তমান যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
বক্তব্যে ছাত্র নেতাদের তোষামোদের রাজনীতি পরিহার করে দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করার পরামর্শও দেন সাবেক এই তুখোর ছাত্রনেতা।
ওবায়দুল কাদের আরও বলেন, বর্তমান সময়ে ছাত্রলীগের কর্মকান্ডে বিচলিত আওয়ামী লীগ। কারণ এদের অপকর্মের দায় নিতে হচ্ছে বর্তমান সরকারকে। এমনকি সংগঠনের সাবেক নেতারাও ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ডে হতাশ।
মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের নামে খারাপ কিছু শুনতে কষ্ট
লাগে।
তিনি আরও বলেন, ‘গুটিকয়েক ছাত্রনেতার অপকর্মের কারণে আমাদের সবার বদনাম হচ্ছে। নিজের ঘরে যদি শত্রু থাকে তবে বাইরে শত্রু খোঁজার দরকার নাই।
নিজের ছাত্ররাজনীতির কথা স্মরণ করে মন্ত্রী বলেন,‘ আমরা যখন ছাত্ররাজনীতি করতাম তখন দুপুরে শুধু মুড়ি, নিমকি খেয়ে কাটিয়ে দিতাম। তখন টেন্ডারবাজি, চাঁদাবাজি, হলে সিট দখল, সিট ভাগাভাগি, ডাইনিং রুমে গিয়ে দাপট দেখানো, ফাও খাওয়া এসব কোন শব্দ ছিল না। এখন পত্রিকার পাতা খুললেই ছাত্রলীগের নামে এসব অপকর্মের খবর দেখা যায়।’
বর্তমান ছাত্রলীগ নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আপনারা ধৈর্য ধারণ করুন। ধৈর্যের ফল পাবেন।
সব সময় নিজের বিবেকের কথা শুনবেন। অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না। তবেই রাজনীতিতে সফল হতে পারবেন।
সিদ্দিকী নাজমুল আলম তার যুক্তি খন্ডনকরে বলেন,‘বর্তমান ছাত্রলীগের পদধারী কোন নেতার নামে কোন ঠিকাদারি প্রতিষ্ঠানেরও লাইসেন্স নাই। এটা আমার চ্যালেঞ্জ।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


