ব্যস্ত মানুষ। ছুটে চলেছে অবিরাম। দম ফেলার সময় নেই কারো হাতে। নগর জীবনের ব্যস্ততাকে পাশ কাটিয়ে সন্ধ্যা বেলার টিএসসি। রমজান মাস। আলাদা আলাদা করে দুই-একটা জুটি, ছোট্ট ছোট্ট দল কিংবা বিশ-ত্রিশ জন মিলে চুপচাপ খেয়ে যাওয়া আর সঙ্গে আছে খাদ্যদ্রব্যের কিঞ্চিত বিশ্লেষণ- এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ইফতার।
ইফতার শুরুর মিনিট ১৫ মিনিট আগে খাবার নিয়ে বসে যান সবাই। গোল হয়ে। কখন ওই সময়টা আসবে-এই প্রতীক্ষায় ঘড়ির দিকে চেয়ে ক্ষণগণনা। এমনটা ঘটে অনেকেরই।
বন্ধু-বান্ধবসহ ইফতারের আয়োজনে বসেছিলেন আলিফ, আসিফ , রুম্মান, শীলা। টিএসসির সবুজ ঘাসে বসে আলিফ জানালেন, ‘ইফতার মানে সান্ধ্যকালীন আহারের পূণ্যসমাহার। কেউ রোযা রাখুক আর নাই রাখুক, ইফতার বিষয়টা অনেক চমৎকার।’
নিজেরা চাঁদা দিয়ে এ আয়োজন নিত্য হয় বলেও জানান তিনি। বন্ধুদের এসব আয়োজনের পাশাপাশি এলাকা ভিত্তিক বিভিন্ন সংগঠনের মেলাও বসে টিএসসিতে। ছোলা-মুড়ি, বেগুনি-পেঁয়াজু, জিলাপি-পাকুড়া, কলা-খেঁজুর, আপেল, জুস এসব ইফতারের প্রধান মেন্যু।
‘আমাদের ইফতারের পারিবারিক এই আয়োজনে আপনাকে স্বাগত’ জানিয়ে শুরু করলেন ফাহমিদা। তিনি বললেন, ‘টিএসসির সবুজ ঘাসে বসে ইফতার করার মজাই আলাদা। অনেকে এখানে আলাদা আলাদা বসে ইফতার করলেও মনে হয় আমরা সবাই একসঙ্গেই আছি।’
ইফতার নিজ হাতে বানানো কি না জানতে চাইলে ফাহমিদার সঙ্গী রাসেল ‘হো হো’ করে হেসে বললেন, ‘ও বানাইতে পারে না; মাখাইতে পারে ভালো’। এরা দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
তবে বিশ্ববিদ্যালয়ের বর্তমানরা ছাড়াও সাবেক শিক্ষার্থীরা দলে-বলে ইফতার করতে টিএসসিতে জড়ো হন। শুধু সাবেকরাই নন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্তা নেই এমন মানুষের সংখ্যাও নেহাতই কম নয়।
মোস্তফা কামাল বললেন, ‘অনেকে ঘাসে জায়গায় না পেয়ে ফিরে যায়। শুধু টিএসসির ঘাস না, করিডোরও খালি থাকে না। দল-বলে বসে ইফতার মানে অন্যরকম এক অনুভূতি।’
দীর্ঘদিন পর স্বজ্জনদের দেখা-সাক্ষাতের একটা উপায় হিসেবেও এখানকার ইফতার জমজমাট। ইফতারের পর গাল-গল্পের পাশাপাশি চলে হাসি-ঠাট্টা আর তৃপ্তির ঢেঁকুড় গেলা।
সন্ধ্যার টিএসসি হয়ে ওঠে ইফতারের মহামিলনস্থল। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন প্রায় ১০/১৫টি সংগঠন , বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা জেলা সমিতিসহ বিভিন্ন সমিতির ইফতার পার্টি থাকে টিএসসিতে। ইফতারের পর সবাই মিলে জম্পেশ আড্ডা দেয়।
এমনি এক ইফতার পার্টি চলছিল টিএসসির দোতলায় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন কচুয়া স্টুডেন্টস এসোসিয়েসন অব ঢাকা ইউনিভার্সিটির। কমপক্ষে দেড় শতাধিক ছাত্র মুনীর চৌধুরী মিলনায়তনে ইফতারে বসেছিলেন। হুমায়ুন কবির জানালেন, ‘এক সঙ্গে ইফতারের এই জমজমাট আয়োজন সত্যিই খুব আনন্দদায়ক। ইফতার শুধু ধর্মীয় আচার পালনই না; এটা মানুষকে এক করারও একটা আচার।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


