২০০০ সাল। ২০ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হল। আমরা দেখলাম, ফলাফলে প্রায় সবই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ থেকে এবং টাকার বদৌলতে কিছু দুষ্কৃতিকারী এবং মুক্তিযোদ্ধা সন্তান কোঠা ও জেলা কোঠায় আসল ফলাফল ছিনতাই করা হল। আমরা তখন একদল ফলাফল বঞ্চিতরা পিএসসি'র তৎকালীন চেয়ারম্যান মোস্তফা চৌধুরীর পদত্যাগ সহ ফলাফল বাতিলের দাবীতে প্রথমে প্রেসক্লাব ও পরে জাতীয় শহীদ মিনারে কয়েক দিন আন্দোলন করেছিলাম। আমাদের সেই আন্দোলন আওয়ামী লীগ সরকার পুলিশ দিয়ে হটিয়ে ব্যর্থ করে দিয়েছিল। আমাদের যে সকল বন্ধুরা তখন জেলা কোঠায় বা মুত্তিযোদ্ধা সন্তান কোঠায় বিসিএসে চাঞ্চ পেয়েছিল, তাদের দিকে তথন তাকানো যাচ্ছিলো না। তাদের তখন ধারণা হয়েছিল, আমরা আন্দোলনে স্বার্থক হলে তাদের পক্ষের সেই ফলাফল বাতিল হবে। অনেকের সাথেই তখণ থেকেই আর আমার বন্ধুত্ব নেই। এক সঙ্গে বিশ্ববিদ্যালয় লাইফ শেষ করে সামান্য বিসিএস পরীক্ষার বৈষম্যমূলক ফলাফলের পক্ষের ও বিপক্ষের মধ্যে তখন দুটো দল হয়ে গিয়েছিল। আমার অনেক বন্ধু তখন আমার লেখা বিসিএস গাইড পড়ে পরীক্ষা দিয়েছিল আর ফলাফল পক্ষে থাকায় বেজায় খুশিতে ছিল। আর আমাদের আন্দোলনের কারণে ভারী উদ্বেগ উৎকণ্ঠায় ছিল। কয়েকজন বন্ধুর বাবা-মা আমাকে বাসায় ডেকে নিয়ে আন্দোলন থেকে বেড়িয়ে আসার পরামর্শ দিয়েছিলেন। কারণ, তাদের সন্তানটি বিসিএসে চাঞ্চ পেয়েছিল। আমাদের আন্দোলনে তাদের সন্তানের সেই সোনার হরিণে পেছনে আমরা কেন উঠে পড়ে লাগলাম তাও অনেকে খোটা মেরেছিল। তাদের অনেকেই এখন এসপি, এডিসি, টিএনও। বন্ধুত্ব সেখানেই এক প্রকার শেষ।
মোস্তফা চৌধুরীর চামড়া, তুলে নেব আমরা। মোস্তফা চৌধুরীর দুই গালে, জুতা মারো তালে তালে। এসব শ্লোগানে আমরা তখন সরগরম করে তুলেছিলাম। কিচ্ছু হয়নি। আন্দোলনের এক পর্যায়ে কিছু ছাত্রদলের ফলাফল বঞ্চিত ছেলেরা আমাদের আমান উল্লাহ আমান এমপি ও মাহবুব উদ্দীন খোকন এমপি'র মাধ্যমে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করলেন। বিরোধীদলীয় নেত্রী বললেন, তোমরা কেউ বাদী হয়ে আদালতে মামলা ঠুকে দাও। আমরা ক্ষমতায় গেলে ২০ তম বিসিএসের ফলাফল বাতিল করে, ফলাফল পুনঃমূল্যায়ন করে তোমাদের ক্যাডার প্রদান করব। আমি আর আমার বন্ধু তুহিন, আমরা দু'জন ছিলাম মোটামুটি কোনো ধরনের রাজনৈতিক পরিচয়ের বাইরে। আমাদের দু'জনকেই বাদী বানাতে তাদের সবচেয়ে বেশি পছন্দ হল। ২৯ মিন্টু রোড থেকে রাত দশটায় বের হয়ে আমি আর তুহিন সেদিন থেকেই আন্দোলনে ইস্তফা দিয়ে ঘরে ফিরলাম। কারণ, রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছে আমাদের ছিল না।
পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো। ২০ তম বিসিএসের কথা একটি বারও বেগম জিয়া বা তার দল উচ্চারণ করেননি। বরং তারাও পরবর্তী বিসিএস গুলো নিজেদের দলের ছাত্র সংগঠন ছাত্রদল থেকে নিয়োগ দিল। এভাবেই স্বাধীনতার পর থেকে সকল বিসিএস পরীক্ষায় ফলাফল জালিয়াতী হয়েছে। আগামী দিনেও বাংলাদেশে এটা চলতে থাকবে। কারণ, আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করাই। বিসিএসের মাধ্যমে দলীয় লোকজন দিয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তা নিয়োগ দিয়ে কি করে আমরা একটি নিরপেক্ষ ও নির্দলীয় স্বাধীন নির্বাচন কমিশন আশা করতে পারি? কি করে আমরা একটি নিরপেক্ষ জাতীয় নির্নাচন প্রত্যাশা করত পারি? প্রশাসনে তো আওয়ামী লীগ আর বিএনপি'র লোক বাদ দিলে যারা থাকবে তারা ছাগলের তিন নাম্বার বাচ্চা। তাদের প্রমোশন হয় না। তাদের বদলি হয় ঘন ঘন। তাদের নানামুখী দৌড়ের উপর জীবন এক প্রকার অতিষ্ট।
আমি ২০ তম বিসিএসের ভাইভা পরীক্ষায় বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক গোলাম রসুল সাহেবের বোর্ডে পড়েছিলাম। আমার ভাইভা হয়েছিল বিকালে। সেই দিনের শেষ পরীক্ষার্থী। আমাকে ৪৯ মিনিট জেরা করা হল। আমার ২০ তম বিসিএসে প্রথম পছন্দ ছিল পরিবার পরিকল্পনা ক্যাডার। কারণ, আমি যখন ভাইভা দিচ্ছিলাম, তখন আমার বয়স ৩০ ক্রোস করেছে। আমার একটা ক্যাডার লাগবে সেই কারণে আমি পরিবার পরিকল্পনা প্রথম পছন্দ দিয়েছিলাম। আর ১৭ তম ও ১৮ তম বিসিএসে আমি প্রশাসন ক্যাডার থেকে ভাইভা দিয়ে ফলাফল ছিনতাইয়ের নাটক দেখেছিলাম। ১৭ তম বিসিএস নিল বিএনপি সরকার। ১৮ তম নিল বিএনপি+আওয়ামী লীগ ভাগাভাগি করে। আমরা কলকে পেলাম না। ২০ তম বিসিএসে আমি বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে আমার যুক্তিগুলো বেশ সুন্দর করেই তুলে ধরেছিলাম। গোলাম রসুল স্যার আমাকে সরাসরি প্রশংসা করেছিলেন। বিসিএস আমার হল না।
আন্দোলনও আর হল না। সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় হাফ ছেড়ে বাঁচলাম। তারপর রিসার্স, লেখালেখি আর সিনেমা করে ১০ বছর কাটিয়ে দিলাম। এখন আমার বিসিএস ক্যাডার বন্ধুদের চেয়ে রাষ্ট্রের গন্যমান্য ব্যক্তিরা কিন্তু অনেকেই আমাকে বাই নামে চেনেন। চাকরি আর করা হল না। কারণ বাংলাদেশে চাকরি করে যারা চাকর তারাই। মেধাশূন্য অজ্ঞ অশিক্ষিত হীনমন্যতার মালিকদের অধীনে চাকরি করে নিজেকে আর ছোট করতে চাইনি। তাই ফ্রিল্যান্স কাজ করি। একেবারে স্বাধীন। ভালো লাগলে করি। না লাগলে সরাসরি না বলে দি। খবরদারি করার কেউ নাই।
বিসিএস লিখিত পরীক্ষাগুলোর সময় আমি যে হলে পরীক্ষা দিতাম, অনেকেই পরীক্ষা শেষে আমার সঙ্গে পরিচিত হতে আসতো। কারণ, তারা শুনে যেতো যে, তারা যে গাইড বই পড়ে পরীক্ষা দিতে এসেছে, ওটা আমারই লেখা। লেখকের সঙ্গে পরিচিত হতে আসতো। জীবন থেকে সেই সব স্মৃতি এখন বিস্মৃতি হয়ে গেছে। তাই এখন যখন বিসিএস পরীক্ষার ফলাফল নিয়ে মিছিল মিটিং আন্দোলন দেখি, খুব হাসি পায়। আমাদের অনেক বন্ধু বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় পাস করেনি অথচ বিসিএস ক্যাডার হয়েছে। এমন উদাহরণও আছে। সো, তোমরা কিসের আন্দোলন করতেছো? তোমরা আগে বাংলাদেশের রাজনৈতিক চরিত্রের গতি-প্রকৃতি বুঝতে চেষ্টা করো। আন্দোলন না কইরা নেতার বাসায় যাও। পরবর্তী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, তারাই এই বিসিএসের চূড়ান্ত ফলাফলের ফসল ঘরে তুলবে। থামাখা তোমরা রাস্তায় সাধারণ মানুষের চলাচলে বাগড়া দিতাছো কেন?
তোমরা কে কোন ক্যাডার চাও, তা ঠিক করার মালিক তো পিএসসিতে নয়রে বাবা। ব্যাপার বোঝার চেষ্টা করো। এক সময় তোমরা নিজেরাও পিছিয়ে যাবা। কারণ প্রত্যেকের কাজ আছে। জীবন তো আর শেখ হাসিনা বা খালেদা জিয়ার নোংরা রাজনীতির কারণে বসে থাকবে না। পিএসসি হল একটা দলীয় কর্মকর্তা উৎপাদনের আকড়া। সেই আকড়ার খপ্পর থেকে বের হয়ে বরং অনেক ভালো ভালো বেসরকারি ব্যাংক আছে সেখানে চেষ্টা করো। ক্যাডারগিরি মারাইতে গেলে অনেকেই আমার মত ধরা খাইবেন ভাইজানেরা। আমি নিজের জীবনের অভিজ্ঞতা বললাম। আর কিছু কইতে চাই না। নিজের জীবন নিজের মত করে গড়ে নেবার অনেক সুযোগ আছে। নতুন নতুন আইডিয়া দিয়ে নিজেরাই কোনো প্রতিষ্ঠান গড়ে তোলো। তোমাদের ক্যাডার বন্ধুরা তাই দেখে পরে আফসোস করবে। সো, ডিসিশান ইজ ইয়োর'স। হাউ ক্যান ইউ লিড ইয়োর লাইফ? ওকে? সবাই ভালো থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


