ভেবেছিলাম শান্ত হবে,হয়েছে তা ভুল
চঞ্চলতার সাগর তুমি,নাই যে কোন কূল।।
তীব্র রূক্ষ স্বভাব তোমার,নওকো মিষ্টভাষী
যেমনই তুমি হওনা কেন-তোমায় ভালোবাসি।।
ভেবেছিলাম গম্ভীর হবে,নও তুমি তা মোটে
কথায় কথায় কামান দাগো,মুখে তুবড়ি ছোটে
সুখের ভেলায় আছো তুমি,আমি কষ্ট নালায় ভাসি
যেমনই তুমি হওনা কেন-তোমায় ভালোবাসি।।
ভেবেছিলাম আনন্দতে রাখবে সারাক্ষণ
দুঃখের পরে দুঃখ দিয়ে বিষিয়ে দিলে মন
কান্নাই শুধু দিলে নাহয়,না-ই বা দিলে হাসি
যেমনই তুমি হওনা কেন-তোমায় ভালোবাসি।।
ভেবেছিলাম লক্ষ্ণী হবে আমার ভাগ্যাকাশে
পরে দেখি দুখ দেবতা আমায় দেখে হাসে
প্রলয়ংকারী বলবো তোমায়-নাকি সর্বগ্রাসী
যেমনই তুমি হওনা কেন-তোমায় ভালোবাসি।।
যা চেয়েছি পুরোই উল্টো পেলাম কপালগুনে
তবুও তোমায় চাইবো আমি রোজ হাশরের দিনে
বেহেশ্ত না হোক-দোযখেই দুজন থাকবো পাশাপাশি
ভালো না হও-মন্দ তবু তোমায় ভালোবাসি।।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



