সামু ব্লগের লেখক-পাঠক অনেক অনেক। সব ধর্মের-সব বর্ণের। প্রথম যখন এখানে আইডি খুলেছিলাম, কয়েকদিন পরে দেখলাম শুধু গালাগালি আর ইসলাম নিয়ে বিদ্বেষ। অবাক হলাম। ত্যাগ করলাম সামুকে। আবার ফিরলাম বছর কাটিয়ে। পরিবেশ কিছুটা উন্নত ঠেকল। তারপরেও ইসলামবিরোধি লেখা প্রতিদিন দেখলাম। প্রতিবাদে কাজ হয়না। কারণ প্রতিবাদী হতে গিয়ে গালাগালি এসে যেত। ইগনোর করতে চেষ্টা করতাম।
তারপরেও আমি যে ধর্মের, সেই ধর্মকে নিয়ে কটাক্ষ করলে কিভাবে প্রতিবাদ না করে থাকব? আমাদের মত মডারেট মুসলিমরা যা জানে তার চাইতে কটাক্ষকারী জানে অনেক বেশি।আমরা নামায না পড়েই আস্তিক হতে চাই, মুসলিম ট্যাগে বেহেশতে যেতে চাই। নাস্তিকেরা আমাদের না জানার সুযোগটাকে কাজে লাগিয়ে হঠাৎ আল কোরআন কিংবা হাদীসের কোনো এক জায়গা থেকে কিছু টুকে নিয়ে ব্লগে চালান করে দেন, তারা জানেন আমাদের মত অজ্ঞ মুসলিম জানবেনা ঐ লেখার আগে-পিছে কি ছিল, কেন ঐ আয়াত বা হাদীসের অবতারণা হয়েছিল। এভাবেই তারা আমাদের মাঝে দ্বিধা-দ্বন্দ্ব ভরে দেন। আমি এদেরকে নাস্তিক বলবনা-বলব ইসলাম বিদ্বেষী।
যাই হোক ব্লগ যেহেতু সব ধর্মের, সবার উচিত সবার ধর্মকে সম্মান করা। আবার অনেকে আছেন যারা ইসলাম প্রচার করা শুরু করেন, কিন্তু সেই প্রচারণায় থাকে অন্য ধর্মের লোককে কটাক্ষ করা। ইসলাম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্ম নিয়ে লিখে ব্লগ ভরে ফেলেন- সমস্যা নাই, দয়া করে কাউকে/ কোনো ধর্মকে কটাক্ষ করবেন না।
ব্লগের মডারেটরদের প্রতি আবেদন, ধর্মীয় পোস্টগুলি আর তথাকথিত ছাগু পোস্টগুলি কঠোর হাতে দমন করেন। দরকার হলে রাত ২টা থেকে সকাল ৬ টা পর্যন্ত নতুন পোস্ট দেওয়া বন্ধ রাখেন। কারণ ঐ সময় এসব পোস্ট বেশি পোস্ট করা হয়।
আমি আস্তিক নাকি নাস্তিক সেটা আমার পরিচয় যেন না হয়। আমার বড় পরিচয় হোক আমি মানুষ, আমি সামহোয়্যারইন ব্লগের একজন সাধারণ ব্লগার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



