শিবির গত রোববার হরতালের ডাক দিয়ে প্রত্যাহার করে নেয়। শোনা যায় খারাপ আবহাওয়ার কারনে নাকি হরতাল স্থগিত করা হয়েছিল। সে গুঞ্জন যা-ই হোক না কেন, বিএনপি ও জামাতের হাই কমান্ডের নির্দেশে যে হরতাল প্রত্যাহার করা হয়েছিল সে ব্যাপারে সন্দেহ নেই।
বুধবার আবার হরতালের ডাক। তার মানে সংসদ অধিবেশন শেষ। অধিবেশন চলাকালীন সময়ে হরতাল দিলে বিএনপি-জামাত সংসদে সমালোচনার সম্মুখীন হবে। সংসদ মুলতবি হওয়ার পরেই তাই এদের হরতাল আহ্বান।
শিবির, নেতা কর্মীদের মুক্তির দাবীতে, হরতাল ডেকেছে। ইতোমধ্যে হরতাল উপলক্ষে শিবিরের অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাহলে মুক্তির দাবীতে নেতাদের মুক্তি হলো নাকি আরও গ্রেফতারের পথ খোলা হলো?
শিবির মোটামুটি নিশ্চিত আগামীতে তারা ক্ষমতায় আসবে। তাই তারা ঝুঁকি নিয়ে হলেও কর্মসূচি দেয়ার চেষ্টা করছে। অন্যদিকে ছাত্রদলও মহড়া দেয়ার চেষ্টা করছে। এসবই নির্বাচন ও ক্ষমতার রাজনীতি।
দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে না শিবির, না বিএনপি- আওয়ামীলীগ কথা বলে। সরকার টিকফা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে, কেউ এর বিপক্ষে হরতাল আহ্বান করছেনা। যে সকল চুক্তি দেশের মানুষের জন্য, দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কেউ কি নেই? কোথায় সেই গণজাগরন মঞ্চ? দেশের স্বার্থে তারা কোথায়? কোথায় সেই বাম মোর্চা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের কন্ঠ নিচু হয়ে গেছে কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



