সুপার পাওয়ার ববি'র বিজলী
- মাসুদুল হাসান রনি

লেটনাইট শো'তে 'বিজলী' সিনেমা দেখে বাসায় ফিরে সিনেমার গল্প কি ছিল, মনে করতে পারছি না! ঢাকাই সিনেমার গতানুগতিক গাজাখুরি অবাস্তব গল্পের সিনেমা হচ্ছে বিজলী। এই সিনেমা দেখে দর্শকের মনে যে কিছুই থাকবে না এটাই স্বাভাবিক।কিন্তু এন্টারটেইনিং হবেন নাচ,গান ও একশানে। সিনেমার গরু যেমন আকাশে ওড়ে, তেমনি অতিপ্রাকৃতিক শক্তির অধিকারী সুপার ওম্যানের চরিত্রে ববিকেও আকাশে শুধু নয় বনে- জংগলে সব জায়গায় উড়িয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী।
তার লেখা গল্পে নির্মিত এই ছবিটি প্রযোজনাও করেছেন ববি। এখানে তার নায়ক ওপার বাংলার রণবীর।
এ সিনেমার যা মনে আছে তাই নিয়ে এ লেখা। বিজলীর ভিএফএক্সের কাজ হয়েছে দুর্দান্ত। আইসল্যান্ডের মনোরম শ্যুটিং লোকেশান কিছু সময়ের জন্য দর্শকের চোখ জুড়িয়েছে কিন্তু মন জুড়াতে ব্যর্থই হয়েছে । ডিস্কোবারে ইংলিশ গানের সাথে ড্যান্সের জৌলুস কিছু দর্শককে হয়তো আনন্দিত করবে।
সিনেমা দেখে মনে হয়েছে ববি'র ওয়ার্ডড্রোবে যতো ওয়েস্টার্ন পোষাক আছে তার একটা প্রদর্শনী চলছে বিজলী সিনেমায়!
সায়েন্স ফিকশান কিংবা অতিপ্রাকৃতিক শক্তির সাথে নাচ, গান, প্রেম ভালোবাসা,একশান দেখালেই যে সিনেমা দর্শক লুফে নিবে তা মনে হয় না।
বিজলীতে গুরুত্বপুর্ন একটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার শতাব্দী রায়। তিনি এই ছবিতে একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির মাধ্যমে প্রায় দেড় যুগ পর বাংলাদেশে শতাব্দী রায় অভিনীত কোন ছবি মুক্তি পেল।চরিত্রানুযায়ী তিনি ছিলেন সাবলীল।
বিজলী চরিত্রে নায়িকা ববি'র উত্থান হয়েছে বলা যায়। দেহরক্ষী সহ তার পূর্বের সিনেমাগুলোতে অভিনয়ে কিছুটা আড়ষ্টতা ছিল, যা এই সিনেমায় তিনি কাটিয়ে উঠেছেন। পর্দায় তার গ্ল্যামারাস প্রেজেন্টেশন ভাল হয়েছে। নাচ ও একশান দৃশ্যে সাবলীল ছিলেন।
অভিনয়ে রনবীর ভাল করেছেন। ছোট একটি দৃশ্যে আনিসুর রহমান মিলনের উপস্থিতি ছিল দুর্দান্ত।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, মিশা সদাঘর , ও শিমুল খান। এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান।
হলিউড মার্কা সিনেমার দাবীদার সুপার পাওয়ার অবাস্তব গল্পের আড়াইঘন্টার এ ছবি দেখতে বসে বারবার মনে হয়েছে সিনেমা কেন শেষ হয় না!
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





