তুমি চলে যাও হেঁটে হেঁটে সম্মুখ পথে আমার ধীর পায়ে-শরতের নীল আকাশে সাদা মেঘ খন্ড যেমন ভেসে যায় মন্থর মলয়ে ।
আমি বসে দেখি চেয়ে চেয়ে উৎসুক নেত্রে-
যদি আসো কাছে হয় পরিচয় বিনিময়-এই আশায় অব্যক্ত কামনায় ।
এভাবেই যাচ্ছে দিন মাস বছর
একটিবারও দেখলে না আমায়-তোমার মরাল গ্রীবা ফিরায়ে...নিত্যগামীনি অনিন্দ্যসুন্দরী ।
তবুও ফেলেছি আশার জাল
বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়বেই একদিন...তুমি
আসবেই কবির কুটিরে
দুরু দুরু বুকে,দ্বিধান্বিত মন,লাজরাঙা ভঙ্গিতে-ইতস্তত পায়ে এক..দু..তিন
কাংখিত কামিনী অধরা হরিনী ।
চকিত আলোয় উজ্জল হবে পর্ণ কুটির আমার-
দুধসাদা বৈদ্যুতিক বাল্ব জ্বাললে যেমন হয়-স্নিগ্ধ আলোয় ভরে ঘর-লোডশেডিং এর পর ।
আনন্দে উদ্বেলিত হবে কবিমন প্রার্থিত প্রাপ্তিতে
লিখে ফেলব কবিতা একটি তখনই হয়তো তোমাকে নিয়ে -সূচনা কবিতা তৃতীয় কাব্যের আমার;
হয়ে যেতে পারে আশাতীত আরো কিছু হৃদয়ঘটিত ব্যাপার- স্যাপার ।।
* * * * * * * * * * *

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




