
বিষণ্ন এই রাত্রি প্রলম্বিত হয়
উপচে পড়ে পানপাত্র বেয়ে
গলিত দুঃখ।
পথ রোধ করে দাঁড়ায় অন্ধকার,
মনে করিয়ে দেয় কবেকার কোন্ কথা
নামহীন এক ছেলে হাত ধরেছিল এক অনামিকার হাত
ভালোবাসার কথা জানিয়েছিল
কানে কানে ।
তারা ছিল হয়ত পাশাপাশি
অতঃপর,
ক্ষণিকের বিজলীর মত মিশে গেছে মেঘের ওপারে
প্রতিশ্রুত ভালোবাসা,
সেখানে দম্ভভরে দাঁড়িয়ে আছে অবিশ্বাস
ঘৃণা আর নীরব অশ্রুপাত।
বিষণ্নতায় ই যে প্রেমিকের অস্ত্র,
রাত্রি ই তার শ্রেষ্ঠ প্রেমিকা ।
তাই বেড়ে উঠো রাত্রি সদ্য কিশোরীর মত,
নবজন্ম হোক বারংবার তোমার।
ছুঁয়ে দাও বিরহীর ঠোঁট, চুম্বনে চুম্বনে জন্ম নিক কৃষ্ণপক্ষ!
দুঃখমুক্তি হোক আমার।
ভয় কিসের?
তুমি তো দিনের আলোর মত প্রবঞ্চক
নও,
সফলদের সাথে যার আঁতাত-
এ বিষণ্ন রাত্রি শুধু চিনে ব্যর্থদের,
পরম মমতায় বুকে টেনে নেয়
লিখে রাখে সযতনে; মহাকালের বুকে,
আমাদের ব্যর্থতার ইতিহাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

