ঘড়ির কাঁটার মতো নিছক এক শব্দ
জলের ভেতর ভেসে উঠতেও পারে
তোমার বিবর্ণ ছায়া; মৃত্যুর চেয়েও নিঃসঙ্গ!
তোমার অস্তিত্বে আজো কেন শিশুর মৃত্যু?
নির্জন জোছনার বন, অশ্রুজলে সিক্ত...
বৃষ্টির দুপুরে আজো ঝরে পড়ে ঈশ্বরের অশ্রু
দুঃস্বপ্নগুলো ছুঁয়ে ক্লান্ত বাতাস স্বচ্ছ দীঘির জলে
ঢেউ তোলে হারানো ভালোবাসার অনুরণন...
মৃত্যু কিংবা তারো অনেক পরে প্রশ্ন করে-
বেঁচে থাকাটাই সবচাইতে বড় সত্য?
যাত্রার আগমুহূর্তপর্যন্ত কেবল স্বপ্নই দেখে যাবে?
ওপাশ থেকে গাঢ়স্বরে ডেকে উঠবে না কেউ...
কেউ হাত বাড়িয়ে ছুঁয়ে দেখবে না বৃষ্টিভেজা আমাকে!
অথচ একটি তীব্র মিলনের জন্য তার কী দীর্ঘশ্বাস!
তবুও রাত জেগে প্রশ্ন করি নিজেকে-
চাঁদের আলোতেও কেন চারিদিক অন্ধকার?
ঈশ্বরের ছায়াঘেরা পৃথিবীতে কেন বিধ্বস্ত
সকল প্রার্থনামন্দির : এই প্রশ্ন সবার।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


