
বিষমাখা শেল কেউ গেঁথে দিলো বুকে,
অসহ্য যন্ত্রণা- আমি তড়পাতে থাকি;
ধোঁয়াশা বিরাজ করে দেখি চতুর্দিকে
মরণের আর বেলা কতক্ষণ বাকি?
এভাবেই বহুকাল কাতরাবো নাকি?
জলের মীন যেমন ছটফট করে
শুকনো ডাঙায় এসে পড়ে পড়ে মরে
আমারো একই হাল, জীবনের ফাঁকি?
জীবন সমুদ্রে যারা দিলো এত ফাঁড়া,
খুব ভালো আছে তারা কারো মনে হয়?
তারাও পুড়বে জ্বলে একদা নিশ্চয়
অপরের বাড়া ভাতে ছাই দেয় যারা
তাদেরও অদৃষ্টে নিশ্চিত আছে শনি,
তারাও মরবে একদিন ধুঁকে ধুঁকে;
বিষমাখা শেল গাঁথবে তাদের বুকে
যন্ত্রণায় ফেঁপে ফুলে উঠবে ধমনী।
১৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






