
কর্মক্লান্তিতে যখন নুয়ে পড়ে মাথা,
ভালো লাগে না মোটেও আর হইচই;
কোলাহল ছেড়ে খুঁজেফিরি নীরবতা
কিন্তু এ শহরে নীরবতা পাব কই?
গাড়ির শব্দে দিনের আগমন হয়,
গাড়ির শব্দেই ফের রাত নেমে আসে;
গ্রামের স্নিগ্ধ প্রভাত তো সম্ভব নয়-
দম নিতে হয় তাই দূষিত বাতাসে।
এখানে নেই পাখির কিচিরমিচির,
নেই পূবাল-দখিনা নির্মল হাওয়া;
নেই তো পদ্ম পুকুর, ভোরের শিশির,
খোলা প্রকৃতিকে যায় না কাছে পাওয়া।
আছে শুধু যান্ত্রিকতা, আছে কপটতা;
আছে লোক ঠকানোর কত শত ছল,
আছে নির্মমতা, নিকৃষ্ট মানসিকতা,
বিভাজনের এমন সাগর অতল।
মানবজীবন ভীষণ রহস্যময়।
কখন কীভাবে যে কাটে দহনকাল
কে বলতে পারে আগেভাগে? কেউ নয়।
শুধু অপেক্ষায় থাকা- বাঁধা মায়াজাল।
২৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ
মালিবাগ, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

