বৃষ্টি,
আমি তোমায় ডেকেছি কতবার। তুমি যখন একটা একটা করে মেঘ সাজাচ্ছো, তখন বারবার জানলায় ছুটে এসেছি। মনে মনে ছবি এঁকেছি তোমার। জুড়িয়ে দিচ্ছিল চোখ। পুড়িয়ে দিচ্ছিল চোখ। ঠিক তখনই অসম্ভব এক দহন। কালো পিচের গন্ধ নিয়ে রাস্তায় হেঁটেছি। মৌসুমী বায়ুর বেগড়বাই, আমার শত্রু হয়ে উঠেছিল। দমবন্ধ করা উৎকণ্ঠা যেন কাটছিলই না। তবে মুখ ফিরিয়ে আর থাকতে পারোনি তুমি। ঝরেছ আমারই বুকে।
আমি অবিনশ্বর নই। আমি ঐশ্বরিক কোনও শক্তি ধরি না শরীরে। তাই মুঠোভরে তোমার ভালোবাসা আমাকে আজও বসন্তের অনুভূতি দেয়। যেমন বৃষ্টিভেজা কাক অভিধানগুলিকে ভেঙে নিশ্চল ক্রমশ। যেমন ফুটপাথে তোমার জলফোটা ভেঙে টুকরো টুকরো হয়ে আবার মিলিয়ে যাচ্ছে নির্ভয়ে। ঠিক তেমনই আমার কাছেও আজ নিয়ম ভাঙার, ভয়হীন, উদ্দামতার উৎসব।
আমি মহানগর। এই নগরজীবন একেকটা সময় দুঃসহ হয়ে ওঠে। একদিকে ব্যস্ততা। অন্যদিকে সহনশীলতা। দুই মাঝে আমি হারিয়ে থাকি প্রতিদিন, প্রতি মুহূর্ত। পুজো এলে শারদ বাতাস আর তুমি। এই তো আমার শান্তিনীড়। ছাতা খুলেছি বলে ভেবো না প্রতিবাদ করছি। বর্ষাতি গায়ে দেখে চমকে উঠো না যেন। এ সব তো একসঙ্গে থাকার খুনসুটি। দেখো, তারই মাঝে কেমন চেটেপুটে তোমার ভালোবাসা নিচ্ছি। দিনভর তোমায় সঙ্গী করে এগিয়ে চলেছি গন্তব্য থেকে আরেক গন্তব্যে। হারিয়ে চলেছি তোমার বুনো শরীরে।
ইতি
তোমার শহর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

