আমি দেখি। এ সবই দেখি। দেখি আমি আমার সাবেকি চোখ দিয়ে। এ শহরে কয়েক দশক, না, না... কয়েক শতক পুরোন এক কাঠামো আমি। ছড়িয়ে আছি বহু এঁদো গলির ভিতরে। তস্ব কোনও গলি হবে তোমাদের ভাষায়। আলো মাখা আমি, অন্ধকারে দাঁড়িয়ে থাকি। একা, নিভৃতে, শূণ্যতায়। আলোর বিম্ব আমাকে ছোঁয়, যখন তোমরা জ্বালো। আমি তখন বলি আরও আলো, আরও আলো, এই নয়নে প্রভু ঢালো। আবছায়া সঙ্গীটাকে যেমন ছেড়ে যেতে পারি না। তেমনই মনের ঈশান কোণে লুকিয়ে থাকে অদম্য ইচ্ছে। তোমাদের জন্য সেজে ওঠার উত্ফুল্লতা। আমাদের পাশের বাড়ির ছেলেটা কত প্রদীপ কিনে আনল সেদিন, দেখেছি। বুঝেছি, জ্বলে ওঠার আগে সে কী প্রস্তুতি। জ্বলে ওঠার প্রস্তুতি।
মোমবাতির আলোর শিখা আমার বড় প্রিয়। শিখার অস্থিরতা, আর ডানা মেলে উড়ে যাওয়ার একটা কেমন যেন বাসনা নিয়ে জ্বলতে জ্বলতে একসময় ফুরিয়ে যাওয়া। খুব সিগনিফিক্যান্ট লাগে আমার জীবনের আয়নায়। সাদা মোমের বিশ্ব, মুহূর্তেই হল নিঃস্ব। আমিও যেমন। এক সে ছিল আদিম বিকেল। যে বিকেলে আলো জ্বালানোর প্রস্তুতি শুরু হয়। যে বিকেলের আল দিয়ে ছুটে যাওয়া যায় আলোয় রাঙানো দ্বীপান্বিতায়। মুঠোয় ভরা প্রদীপ আর দুটো তুবড়ির ফুলকি। ছুটেছি টাইম মেশিনে এক যুগ থেকে আরেক যুগে। তবু বদলায়নি আলোর ধর্ম। উত্সবের মেজাজ। শুধু উত্সব গড়িয়ে আজ হয়েছে মহোত্সব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

