বুবুর কোলে দোল খেলেছি যখন যেমন
আজ মনে নেই বুবুজানের মুখটি কেমন।
বুবুর সাথে হাঁটছি কত তাও ভুলেছি
মন-ক্যামেরায় বুবুর ছবি ভুল তুলেছি।
মন-মুকুরে আঁকছে ছবি ছবির বাজার
বুবুর ছবি ছবির হাটে সাজাই আবার
বুবুর খোঁজে আজও আমি সত্যি অবুঝ
বুবুর খোঁপায় লাল ফিতে লাল ফ্রক সবুজ।
আহ্লাদী মন ছুটতে থাকে বুবুর পিছে
আমার বুবুর প্রিয় আমি নয়তো মিছে।
আমায় নিয়ে আমার বুবু মেলায় যেতো
আমার প্রিয় খেলনা কিনে মজা পেতো।
খেলনা কিনে কিনতো আমার বর্ণমালার বই
মনের ঘরে খুশীর জোয়ার আনন্দ হৈ চৈ।
আমার বুবু বর্ণ শেখায় মিষ্টি হেসে হেসে
শিখতে হবে লিখতে হবে বলতো ভালোবেসে।
সুখ বিলিয়ে বুবু সুখী হাসি-খুশীর মেলা
কাটতো সময় সকাল-দুপুর মিষ্টি গাঁয়ের বেলা।
স্মৃতির পাতা হাতড়ে কাঁদি, আঁকছি ছবি আমি
বুবু আমার আঁধার রাতের চাঁদের চেয়ে দামী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



