শুভরাত্রি / অয়ন চক্রবর্তী
অন্ধ ভিখিরির দেশে আমি এক বেপরোয়া আয়না বিক্রেতা ,
তোমাকে দেখব ব'লে ফিরে ফিরে আসি ।
পৃথুলা রমনী দেখি , দেখি ভাঁড় , কসাইয়ের ছুরি ,
মোরগের ডাক দেখি সোনার সূচের মতো তাজা,
অদূরে গমের ক্ষেতে কানকাটা প্রতিভার দেহ
ব্যর্থ কাকতাড়ুয়ার ঢঙে প'ড়ে আছে দেখি ।
আসলে দেখিনা কিছু ; আয়নার দেশে
আমি একা , একলক্ষ , কিছুটা লাজুক আর কিছুটা হারামি ।
তবু , বাড়িয়ে দিয়েছি হাত , আয়না ফাটিয়ে চোখ খুলতে চেয়েছি ।
----------
তুমি / অয়ন চক্রবর্তী (সপ্তর্ষি প্রকাশন 2004)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


