
ভেবেছিলাম ব্লগ ডে উপলক্ষ্যে কোন পোস্ট দেব ব্লগ নিয়ে। তারপরে ব্লগ ডে নিয়ে সহব্লগারদের অসাধারণ সব পোস্ট দেখে ভাবলাম, "সামুপাগলা তুই অফ যা!"
-----------------------------------------------------------------------------------------------------------------------------
১) কুইক মডারেশন!
এই বিষয়টি আমি বহুবার বলেছি, সামনেও হয়ত অনেকবার বলতে হবে। আমাদের সামুর মডারেশনকে একটু জলদি কাজ করতে হবে নতুনদের ব্যাপারে। অনেকে নতুন ব্লগার কয়েক দিন তো দূরের কথা, মাস বছর পেরিয়েও জেনারেল হননি! ব্লগের নানা পোস্টে এ বিষয়ে নতুনেরা অভিযোগ করেছেন। আমার ব্লগেও অনেক সময়ে নতুন ব্লগারেরা এসে জিজ্ঞেস করেছেন তাদের কি করা উচিৎ? আমি ধৈর্য্য ধরার, উন্নত লেখা ও মন্তব্য করার সাজেশন দিয়েছি। যদিও আমি নিজে এত ধৈর্য্য ধরতে পারতাম কিনা, প্রথম পাতায় আসবে না জেনেও মাসের পর মাস পরিশ্রম করে লিখে যেতে পারতাম কিনা জানিনা। তাদের হতাশা দেখে সত্যিই খারাপ লাগে। মাসের পর মাস পর্যবেক্ষনে থাকা ব্লগারেরাই শুধু এর জ্বালা বুঝতে পারবেন। কত ব্লগার যে আমরা হারিয়েছি এই কারণে!
আবার কোন ব্লগারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বাজে ও অশালীন ভাষায় গালাগালি করলে, ছবি দিলে সেটা আটকাতে ব্লগ কর্তৃপক্ষ কিছু সময় নেন। সেই সময়ের মধ্যেই আক্রমণের শিকার হওয়া ব্লগারটি যথেষ্ট অপ্রস্তুত, অপমানিত হয়ে যান।
আমাদের শিক্ষকেরা অনেকসময় মেজর প্রজেক্ট দিলে বলে থাকেন "ডিভাইড এন্ড কনকার", মানে কাজ সুন্দর ভাবে ভাগ করে নাও। তাহলে সবার ওপরে চাপ পড়বে না এবং ভালো কাজ হবে। মডুদের দায়িত্ব এলফাবেটিক অর্ডারে ভাগ করে দেওয়া যেতে পারে, যেমন ক-ঙ নামের ব্লগারদের স্ট্যাটাস, ব্লক, ব্লগীয় কোন সমস্যা একজন দেখবেন। চ-ঞ নামের ব্লগারদের আরেকজন দেখবেন। তাহলে যেখানে প্রয়োজন তরিৎ গতিতে আমরা মডুদের সার্ভিস পাব। ব্লগে সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং আমরা নিত্য নতুন মেধাবী ব্লগার পাব।
২) লাইক লিস্ট!
এমন অনেক সময়ে হয় এমন কোন ডিভাইস থেকে ব্লগ পড়ছি যেখানে বাংলা টাইপ করা সম্ভব হচ্ছেনা। অথবা অনেকেই অফিস, ক্লাস, সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে ব্লগে ঢুঁ মেরে যান, এজন্যে কমেন্ট করার সুযোগ সুবিধা করতে পারেন না। সেক্ষেত্রে লাইক দিয়ে যান যেহেতু সেটি সহজ।
সামুতে যদি একটি "আমার করা সাম্প্রতিক মন্তব্য" সেকশনটির মতো "আমার দেওয়া সাম্প্রতিক লাইক" সেকশন দেওয়া যায়, তবে পরবর্তীতে সেটি ফলো করে প্রিয় পোস্টগুলোতে মন্তব্য করে আসা যায়। এখন অনেকে পোস্ট প্রিয়তে নিয়ে বা সামুর ভাষায় শোকেসে রেখে কাজটি সামলান, কিন্তু এমন বহু বহু পোস্ট আছে যা হয়ত প্রিয়তে নেবার মতো নয়, শুধু মন্তব্য এবং লাইকের যোগ্য। সেক্ষেত্রে এই ফিচারটি আমাকে অন্তত অনেক সাহায্য করবে।
৩) ব্লগে বৈচিত্র্য!
ব্লগে মাঝেমাঝেই দেখা যায় প্রথম কয়েক পাতায় কেবলই কবিতা এবং ছড়া দিয়ে পূর্ণ। কখনো কখনো রাজনীতি বিষয়ক পোস্টের ঢল নামে। এতে সমস্যা হলো যে পাঠকটি (ব্লগার অথবা ভিজিটর) কবিতা/রাজনীতি বা অন্য কোন চলতি টপিক তেমন পছন্দ করছেন না, তিনি সামুতে এসে ইন্টারেস্টিং কিছু না পেয়েই চলে গেলেন। এভাবে বেশ কবার হলে তিনি সামুর প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন এবং তার বুকমার্কস থেকে সামুর নামটি হারিয়ে যাবে।
পাঠক ও ব্লগার টানার জন্যে সামু লেখনী প্রতিযোগিতার আয়োজন করতে পারে। যেমন রম্য/গল্প/থ্রিলার/সাইন্স ফিকশন/বিজ্ঞান/রান্না/ বিষয়ক সহ যেসব টপিক সামুতে কম দেখা যায় সেসব লেখার প্রতিযোগিতা! আবার ফটোগ্রাফি, অংকন প্রতিযোগিতাও সম্ভব! তাতে করে যারা লিখিয়ে নন, অন্যকোন গুনে গুনান্বিত তারাও ব্লগমুখী হবেন।
প্রতিযোগিতার জন্যে আলাদা একটি সেকশন করা যায়, যেখানে প্রতিযোগীরা সেই বিষয় নিয়ে পোস্ট আপলোড করবেন। নির্বাচক এবং ব্লগারদের ভিত্তিতে জয়ী দল পুরষ্কৃত হবে!
প্রতিযোগিত অনেকসময়ে মানুষের সেরাটা বের করে আনে। এধণের উদ্যোগ সামুতে নানা ধরণের লেখার ফ্লেভার আনার পাশাপাশি ব্লগারদেরকে গ্রো করতে অনেক সাহায্য করবে বোধ করি।
৪) কমেন্ট এডিট!
সামুতে কমেন্ট এডিট করা যায়না। নিজের প্রতিমন্তব্যে কোন ভুল থাকলে তবুও ডিলিট করে, ঠিকভাবে আবার প্রকাশিত করা যায়। কিন্তু
অন্যের ব্লগে নিজের কমেন্ট এডিট করার সুবিধা নেই। এটা একটা বড় সমস্যা মনে হয় আমার কাছে সেই শুরু থেকেই। কারো ব্লগে কমেন্ট করার পরে যদি দেখি যে কোন বানান ভুল, এক কমেন্ট কয়েকবার চলে গিয়েছে অথবা ভুল ছবি আপলোড হয়েছে তবে কিছু করার থাকেনা। সেই ব্লগারটিকে রিকোয়েস্ট করতে হয়। তিনি কখন দেখবেন, কখন মুছবেন তার ওপরে নির্ভর করে বসে থাকতে হয়।
নিজের কমেন্ট এডিট করার সুযোগ থাকলে একটিই সমস্যা হতে পারে। কোন দুজন বা তার অধিক ব্লগারের মধ্যে তর্কাতর্কি হলে পরবর্তীতে কেউ নিজস্ব মন্তব্য পাল্টে "আমি অমন কথা বলিইনি" এই দাবী করতে পারেন।
এজন্যে "এডিটেড ... মিনিট এগো" টাইপ কোন লেখা উঠলে ভালো হয়। তাহলে কেউ সুবিধাটিকে অপব্যবহার করতে পারবেন না।
৫) মাসিক সংকলন!
একসময়ে কিছু ব্লগার নিজ দায়িত্বে পুরো মাসের বেস্ট পোস্টগুলোর সংকলন পোস্ট দিতেন। সেই পোস্টগুলোতে আলাদা আলাদা বিষয়ের ওপরে সেরা লাইক, মন্তব্য, ইত্যাদির ভিত্তিতে বেস্ট পোস্টগুলোর সমাবেশ ঘটত। স্বাভাবিকভাবেই এই কাজটি কষ্টসাধ্য এবং মাসের পর মাস ব্লগারেরা কন্টিনিউ করতে পারেন নি। এধরণের পোস্ট ব্যস্ত ব্লগারদের জন্যে খুবই আরামদায়ক। অনেকেই ঘন্টায় ঘন্টায় ব্লগে আসতে পারেন না বলে উন্নত অনেক পোস্ট মিস করে ফেলেন। নির্বাচকেরা নিজে এ কাজটির দায়িত্ব নিতে পারেন, অথবা ব্লগারদের সাথে আলোচনা করে একেকজনকে তার সুবিধা অনুযায়ী একেক মাসের দায়িত্ব দেওয়া যেতে পারে। এমন মাসিক সংকলনগুলো থাকলে পাঠক যেমন উন্নত লেখা মিস করবেনা, লেখকেরাও প্রাপ্য সম্মান পাবেন।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
আরো অনেক পয়েন্ট আছে, এই মুহূর্তে মাথায় আসছে না। আপনারাও আপনাদের দিক বলুন। ব্লগিং এ কোন কোন ব্যাপারে বড় বা ছোট অসুবিধা বোধ করছেন?
ছবিসূত্র: গুগল মামা!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




