আমার বয়স যখন পাঁচ বা ছয়, তখন আমি দুইটা মুরগির বাচ্চা পালতাম। পুরো জীবনে সেই আমার এক মাত্র pet!
তখন গাজীপুর থাকতাম, নানীর বাড়ি। বাড়িতে মুরগী পালা হতো, আমি এক দিন মা-মুরগীর সাথে কিউট বাচ্চা দেখে কাছে যেতেই মা মুরগী ফুলে এসে আমার কপালে ঠোঁকর দিলো। তারপর জ্বরে ভুগেছি! আর নানী কৌশলে মুরগীর বাচ্চা আলাদা করে আমাকে এনে দিয়েছিলো।
বাড়ির অদূরে ছিলো উঁইয়ের ঢিবি। আমি আর নানী গিয়ে লাল মাটি কুপিয়ে উঁই বের করে মুরগির বাচ্চাদের খাওয়াতাম। এক দিন ঢিবি খুঁড়তে গিয়ে সাপের ডিম পেয়েছিলাম অনেকগুলো।
দুইটা বাচ্চার একটা ছিলো পিচ্চি মোরগ, আরেকটা পিচ্চি মুরগি। মুরগিটাই আমার ন্যাওটা ছিলো বেশি। একটু বড় হবার পরেই সারাদিন আমার পিছু পিছু ঘুরতো।
আমি আমার জীবনে কারো ভালোবাসার মূল্য দিতে পারিনি। Pets খুব ভাল বন্ধু হয়, আর এরা নিঃস্বার্থভাবে ভালোবাসে। এর ভালোবাসার মূল্যও দিতে পারিনি। আমি একদিন বিরক্ত হয়ে ভাবলাম পিচ্চিটাকে ঘরে আটকে রাখবো। ঘরের দুটো দরজার একটা দিয়ে ঢুকে আরেকটা দিয়ে দ্রুত বের হয়ে ভেবেছিলাম দরজা আটকে দেবো। কিন্তু পিচ্চিটা ফুড়ুৎ করে আমার সাথে বের হতে গিয়ে দরজায় চাপা পড়ে পায়ে ব্যাথা পেলো। পা ভেঙেই গেলো পিচ্চিটার।
আমার খুব মন খারাপ হলো। পিচ্চিটাকে আদর যত্ন করলাম। সে ব্যাথায় কাতর হয়ে করুণভাবে 'চিউ চিউ' করছিলো। আমি মাতব্বরী করে তাকে পুরো একটা প্যারাসিটামল পানিতে গুলিয়ে ঠোঁটের ফাঁক দিয়ে ঢেলে দিলাম।
বাচ্চটা সেদিনই মারা গিয়েছিলো। পিচ্চি মোরগের কী হয়েছিলো , তা আর মনে নেই। এর পর আমি আর কোনোদিন কিছু পুষিনি।
#স্মৃতিচারণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



