ঘেন্না নেবে ঘেন্না?
হরেক রকম ঘেন্না আছে,
ঘেন্না বেচার আদমী আছে,
ঘেন্না দিয়ে মানুষ কিনে
নেতৃত্বের রাস্তা আছে।
নেতৃত্ব বিক্রি করে
অঢেল টাকার মওকা আছে।
মাপমত আর সুযোগ মতো
ঘেন্না ছোঁড়ার যন্ত্র আছে।
ঘেন্না তোমার চাইতে হবে,
ঘেন্না তোমার রক্তে আছে,
মদের মতো ঘেন্না তোমায়
হাত পাততে বাধ্য করে;
ঘেন্না মদির দৃষ্টি ছড়াও,
কি আনন্দ, হাত তালি দাও!
সব কাজকাম চুলোয় দিয়ে
মগজ ধোলাই আসরে যাও;
এই শীৎকারে তুমিও যে আছ
হাত তুলে তাই জানো, জানাও।
ঘেন্না তোমার রক্ত ফোটায়,
ইতিহর্ষের রোমাঞ্চ পাও!
বিশ্বজয়ী রাজ-রাজড়ারা
ঘেন্না ঢেলেই রাজ্য বাড়ায়,
ফ্যাসীবাদী আর হিটলারেরা
জানত এটাই রাষ্ট্র চালায়।
সাপের বিষের একটু জ্বালায়
জ্বর আসে আর যন্ত্রনা যায়,
বিবেককে আজ দাও বিদায় -
ঘেন্না মোহন বংশী বাজায়।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৪ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



