৮ তারিখ শেষ পরীক্ষাটা দেওয়ার সময়ও সুতীব্র এক সুখানুভূতি এসে ভর করছিলো। খাঁচা থেকে মুক্তির আনন্দে অবরুদ্ধ পাখির অপেক্ষার প্রহর এবার শেষ হবেই হবে। হল থেকে বের হয়েই নাজমুল ভাইয়ের "আইয়ুহাল বেকারিউন" সম্বোধন সবার মাঝে নির্মল হাসির উপলক্ষ এনে দিলো। আহ! এভাবেই তো কেটে গেল বিশ্ববিদ্যালয় জীবনের সুখময় ৫টি বছর।
কিন্তু সে আনন্দ কোথায় যেন উবে গেল নিমিষেই। পরদিন ভাইভা পরীক্ষা দিতে গেলাম ডীনস কমপ্লেক্সে তাকী স্যারের রুমে। একে একে ভাইভা দিয়ে বের হচ্ছে বন্ধুরা। বের হয়ে এসে চিরাচরিত ভাইভায় স্যারদের প্রশ্নকৃত বিষয়গুলো আলোচনার চেয়ে একে অপরের মোবাইল নম্বরগুলো সংগ্রহ করে নেওয়াতেই মনযোগ সবার। একটা নস্টালজিক অনুভূতি সবার মাঝেই কমবেশী দোলা দিচ্ছে। দীর্ঘ পাঁচবছরের বন্ধন এবার ঢিল হতে যাচ্ছে। কার সাথে আর কবে দেখা হবে কেউ জানে না। মোবাইল নম্বরগুলো টুকে রাখার তাই আকুল প্রয়াস। আসাদের হাতে ক্যামেরা। এসব বন্ধুদের ধরে রাখার প্রয়াসে সে ভাইভা বোর্ডকে কেন্দ্র করে আমাদের গ্রুপ ছবি তুললো। ১৮ বছরের শিক্ষাজীবনে এরকম কত বন্ধুদেরই বিদায় জানিয়েছি। ছোটবেলার অন্তরঙ্গ বন্ধু ইলিয়াস, হৃদয়, তানিম, মধ্যবেলার হাসিব, মিনহাজ এরূপ কত বন্ধুদেরই আজ দেখি না। কালে ভদ্রে দেখা হলেও কেমন যেন তখনকার সেই অন্তরঙ্গ অনুভূতি অনেকটা খুইয়ে গেছে এটা স্পষ্টই বোঝা যায়। এ বেলায় নাজমুল, ইমাম, ইয়াসিন, মাহমুদুল হাসান, মাসুম বিল্লাহ, জাহাঙ্গির, আমীনুল, হুমায়ন, মিজান, আসাদ, আশরাফ, আমিরুল, আবুল কালাম, মুশফিক, মুসলিম, মামুন, মাহমুদুল্লাহ, মাহবুব, ওসমান, আজহার, নাদীম, তাফসীর আরো কত সব বন্ধুদের হারাতে যাচ্ছি। যাদের সাথে হয়তো স্মৃতিপটে মাঝেমধ্যে কথা হবে। নস্টালজিক কোন মুহুর্তে এরা তৃতীয় নয়নপরে হাজির হবে। আবার ছোটবেলার বন্ধুদের মতো এরাও বিস্মৃতির ধুলো অস্পষ্ট হয়ে পড়বে। "এই কি জীবন" আমিরুলের দীর্ঘশ্বাস কাপিয়ে দিলো হৃদয়কোনের সুক্ষ্ম চিনেচিনে ব্যাথার অনুভূতিকে আরো একবার। ১৮ বছরের শিক্ষাজীবন সমাপ্তির পরিতৃপ্তির এই অধ্যায়ে এই হারাবার বেদনাটাই আমার কাছে সবচেয়ে শোকের মুহুর্ত। শফিকুল্লাহ স্যার, খায়ের স্যার, রুহুল আমীন, লতীফ স্যার, আসাদুজ্জামান স্যার, মাসুদ স্যার প্রমুখ প্রিয় স্যারদেরকে এ বেলায় অন্তরের অন্তস্থল থেকে আন্তুরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। আল্লাহ ওনাদেরকে ভাল রাখুন। আমাদের সকলকে পরজীবনের জান্নাতের অধিবাসী হওয়ার তাওফীক দানের মাধ্যমে আমাদেরকে আবার একত্রিত হওয়ার সুযোগ দিন। আমীন!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

