রোজ সাড়ে সাতটায় বাসে করে মতিঝিলে অফিসে যাওয়ার জন্য আজমপুর বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়ে থাকার সময় গ্রাম থেকে আসা কয়েকশো লেবারদের মাঝের একজনকে প্রায়ই দেখে দুই বক্সের টিফিন ক্যারিয়ার থেকে লাল শাক আর পরোটা বের করে খেতে। লোকটি বেশ তৃপ্তি নিয়েই খায়। খাওয়ার পর একটা বিড়ি আরামসে টানতে থাকে। কাউকে দেখে অনুকরণ করার স্বভাব আরিফের নেই। কিন্তু রোজ রোজ একই দৃশ্য দেখতে দেখতে তার কেন যেন মনে হয় সারাদিন কাজ করে ক্লান্ত থাকার পর এই খাবারটা বেশ উপদেয় লাগবে।
আজ শুক্রবার। অফিস বন্ধ। ঘুম থেকে ওঠার থেকেই আরিফের কেন যেন লাল শাক দিয়ে পরোটা খেতে খুব ইচ্ছা করছে। মনে হচ্ছে আজ লাল শাক দিয়ে পরোটা না খেলে তার চলবেই না। নিকোটিন আসক্তদের একদিন সিগারেট না খেলে যেমন শরীর কামড়াকামড়ি করে, আরিফেরও ঠিক এমনটিই করছে। মাসে ৫ লাখ টাকা কামানো ইঞ্জিনিয়ারের যে ধরণের পোষাক পরে বাইরে বের হওয়া দরকার, সেরকম পোষাক না পড়েই সে আজমপুর বাসস্ট্যাণ্ডে এলো। গায়ে স্যাণ্ডো গেঞ্জি আর লুঙ্গি পড়া। পা খালি। কাঁধে কোদাল বা খাচা নিতে পারেনি। আগে থেকে অ্যাসিস্টেন্ট আলতাফ সাহেবকে বলে রাখলে সে ব্যবস্থা করে রাখতে পারতো। কিন্তু হুট করে সিদ্ধান্ত নেওয়ায় কাউকে জানানো যাচ্ছে না। আবার কেউ দেখে ফেললেও সমস্যা। তবে আজকে একটা সুবিধা আছে, শুক্রবার হওয়ায় সবাই এই সাতটা সময়েও নাক ডেকে ঘুমাচ্ছে।
আজমপুর বাসস্ট্যাণ্ডের যে জায়গাটায় রোজ লেবাররা দাঁড়িয়ে থাকে, সেখানে গিয়ে আরিফ পৌছুলো। সেই লোকটি আজো আছে। লোকাল বাস থেকে একটু আগেই নেমেছে সবাই। লোকটি নেমেই নিত্যদিনের মতো টিফিন ক্যারিয়ার থেকে লাল শাক আর পরোটা বের করে চিবুচ্ছে। আরিফ লোকটির কাছে গিয়ে বললো,
-ভাই কি খুব ক্ষুধার্ত?
লোকটি বিরসমুখে তাকালো। গ্রাম্য পোষাক পড়ে শুদ্ধভাষায় কথা বলাটাকে সে কেমন যেন মেনে নিতে পারছে না। মুখে খাবার চিবুতে চিবুতেই বললো,
-আপনে খাইবাইন?
-না।
-কাম পাইছুইন?
-না।
-হাছা কথা কইন, হাছাই খাইছুইন?
-জ্বি।
-বিয়ালে কি খাইবাইন?
-জানি না।
-কাজ না পাইলে খাইবাইন কি? হাছা কইন তো দেহি, কাম লাগবো?
-জ্বি।
-খাড়ুইন খানা শেষ কইরা লই, এরপর আহুইন আমার লগে।
খাওয়া শেষ হলে একজন ঠিকাদার টাইপের লোক এসে আরিফ ও সেই লোকটিকে নিয়ে গেলো কুড়িল ফ্লাইওভারের জন্য মাটি কাটার কাজে। এরপর সারাদিন সেখানেই কাটলো মাটি কেটে। দুই ঘণ্টা মাটি কেটেই আরিফ ক্লান্ত হয়ে পড়েছিলো। এর কিছুক্ষণ পরেই সে ঠিক করলো কাজ না করেই চলে যাবে। সেই লোকটি তার পাশেই কাজ করছিলো। আরিফের অবস্থা দেখে সে তারও মাটি কেটে দিলো, আরিফেরও মাটি কেটে দিলো। দিনশেষে টাকা নেবার সময় আরিফের কপালে জুটলো মাত্র ১০০টাকা। লোকটিরও একই। সন্ধ্যা মেলাবার আগে লোকটি আবার আজমপুর বাসস্ট্যাণ্ডে আসলো। সঙ্গে সেই টিফিন ক্যারিয়ার। টিফিন ক্যারিয়ার খুলে লোকটি বাকী লাল শাক আর একটা পরোটা মুখে পুরতে লাগলো, যেটা তখন বাকী রেখেছিলো। আরিফ লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকলো লোকটির খাওয়ার দিকে। লোকটি আবারো আরিফের কাছে এসে বললো,
-এহন তো ট্যাকা পাইছুইন, খাইয়া লইন।
-জ্বি না খাবো না।
-আপনে কি ফিরিশতা? নাওন খাওন লাগে না?
আরিফ হাসলো। লোকটি তার লালশাকে ভরা রুটির একটি লোকমা আরিফের দিকে এগিয়ে দিলো। আরিফ হিতাহিত জ্ঞান ভুলে পাগলের মতো ছোঁ মেরে খাবারটি কেড়ে নিলো।
তার ধারণা ঠিকই ছিলো, মাসে ৫ লাখ টাকা কামিয়ে চাইনীজ খেয়েও যে তৃপ্তি সে পায়নি, আজ সারাদিন কামলা খেটে এক লোকমা রুটি, লালশাক খেয়ে তার থেকে শতগুণ তৃপ্তি সে পাচ্ছে। রুটির টুকরোটি বেশ কিছুক্ষণ মুখে নিয়ে বসে থাকলো সে, বাসী গন্ধ হয়ে যাওয়া লালশাক রুটির লোকমাটি যেন তার কাছে সত্যিই অমৃতের মতো লাগছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



