১। দূরত্ব পাতায়
কতটা কষ্ট নিয়ে বেঁচে থাকা যায়
জানিনা
পাথর গড়িয়ে পাহাড়ের প্রান্তে
পাহাড়ের দুঃখ কি
কভূ বুঝা যায়
শূন্যের ঘরে যে থাকে
তারে অসীমে
তোলা দায়
যে ছিল নিঃশ্বাসের খুব কাছে
সে কেন পৃথিবীর প্রান্তে
চলে যায়
মনুষ্য সমাজ সম্পর্ক বুঝি
দূরত্ব পাতায়।
২। এখন সূর্যাস্ত:
এখন সূর্যাস্ত। লাল গোলাপ তুলে নাও---গোধুলী। পাখিদের ডানার ভিরে হারায় দিনের আলো। পাখিরা চলে গেলে চঞ্চুতে নিয়ে যায় জ্যোতি। পৃথিবীর বলয়ে কালো মেঘের আনাগোনা। এখানে এক কালো। অন্ধকার নগরী। কালো হয়ে আছে কিছু মন। ও চাঁদ ফিরিয়ে দাও আলো। বুভূক্ষ মনের জমিনে কিছু জোছনা ঢালো। আগামী সূর্যোদয় অবধি জেগে থাকো। আমার রাত গৃহস্থালীর শিয়রে তুমি নৈশপ্রহরী রুপে থাকো।
৩। তবু ছোঁবো
তোমাকে পাবো না জানি
তবু ছোঁবো
তোমার আল্পনা হাতে
সুক্ষ্ণ সূঁচ হয়ে বিদ্ধ করবো।
কখনো তোমার দখিনা জানালা খুলে
শীতল বাতাস হয়ে ঢুকে পড়বো
কখনো আমলকী বনের
পাখির গান হয়ে
তোমার কর্ণে প্রবেশ করবো
সকালের কাঁচা সোনা রোদ
অথবা বিকেলের জলপাই ছায়া হয়ে
তোমায় গ্রাস করবো।
তোমাকে পাবো না জানি
তবু তোমার চশমার কালো ফ্রেমে
নজরবন্দী হবো
তোমার বইয়ের প্রতিটি পাতায়
তোমার অজান্তে প্রবেশ করবো।
তোমাকে পাবো না জানি
তবু ছোঁবো
বইয়ের পাতায় ঘুমানোর ছলে
নিজস্ব চাহনিতে তোমায় দেখবো।
৪। ভালবাসা:
ভালবাসা এক প্যাক মুড়ির ঠোঙা। দুটো কেদারা। দু'জন মানুষ। তুলছে টক টক ঝাল ঝাল স্বাদ। মুড়ি শেষ। উঠি উঠি রব। আতংক, দূরত্ব, হারানোর ভয়। চলে গেলে দু'জন দুদিকে। মোচড়ানো ঠোঙা, হেলানো চেয়ার, উল্টানো পানির বোতল চৌদিকে।
৫। এই ছাড়ো দেখে ফেলবে কেউ
"এই ছাড়ো দেখে ফেলবে কেউ"
মৃন্ময় পৃথিবীতে উচ্চারিত সর্বাধিক
শোকময়, পাপময় বাণী
তাই বলে কি শাসনের চোখে পড়েছে ছানি
একদিন সবাই হবে নানা-নানী
নাতী-নাতনীর জীবনও হবে সেই পথে পানি
তারাও করবে সমাজ-রীতি টানাটানি
জানি জানি সেই পিরিতি অভাব স্বভাব কাহিনী
চারিদিকে হবে জানাজানি
"এই ছাড়ো দেখে ফেলবে কেউ"
মৃন্ময় পৃথিবীতে উচ্চারিত সর্বাধিক
শোকময়, পাপময় বাণী।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

