১। পাতা কুড়ানি মেয়েটি
পাঁচিল পেরুনো পাতা কুড়ানি মেয়েটির
পায়ের হাওয়াই চপ্পল, ঝাড়ুর তাড়নে
শুকনো পাতার মর্মর ধ্বনি ওঠে
উঠোনে বেঁচে থাকার আওয়াজ পাওয়া যায়।
সে আসে রোজ সকাল দুপুর সাজে
মাঝে মাঝে ঘোর রাত্রিতে
মেঠো বাড়ির সোদা ধূলো উড়িয়ে
হৃদয়ের বেঘোর তন্ত্রীতে।
তাকে দেখা যায় পাগলা হাওয়ায়
ঝড় বৃষ্টি ঠেলে নিকোনো দাওয়ায়
শ্যাওলাধরা মৃত কূয়োতলায়
কখনো অলস পায়ে কলস কাখে
শঙ্খনদীর বাঁকে।
কাছে কিবা দূরে যতদূর নির্ঘুম পলক যায়
পাতা কুড়ানি মেয়েটির নুপুরের
নিক্কন শোনা যায়
বেঁচে থাকার তীব্র প্রতিধ্বনি ওঠে
ছোট্ট এ মেঠো গায়।
২। লিখে রাখি রাতের পাতায়
আমার কষ্ট গুলো
লিখে রাখি রাতের পাতায়
সম্ভুকের শীতল কুটুরীতে
মুক্তোর সুখঘুমে।
কত নির্ঘুম রাত চলে যায়
বন্ধ দুয়ার খুলে না
পাপড়ী মেলে না সম্ভুক
হাসেনা মৃত গোলাপ।
আমার কষ্টগুলো ঝরা পাতা
ঘুনে ধরা কাষ্ঠল ব্যথা
বাঁচি অন্ধকারে
ঝড়ো বাতাস বুকে ধরে।
৩। বৃক্ষটিকে জল দাও
চৈতালী রোদ
বুকপেটা ছাতিম
পাতা পুষ্প ঝরা দিন
গৃহত্যাগী নিরন্ন মানুষের মত
বোবা বৃক্ষটিকে জল দাও
জল দাও দেবী।
দেবালয়ে কাতর পাখি ছানাটিকে
বুকে টেনে নাও
ও কেন কাতর
ও কেন পাথর
কষ্টচাপা পাথরটি সরাও
স্নেহ দাও, ভালবাসা দাও।
ওকে মায়াকাননে ঢোকাও
মমতার চাদরে জড়াও।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

