কিছু দিন আগে কথা। ঘরে আদা নেই। তরকারী রান্না বন্ধ হবার উপক্রম। তাই ছুটলাম বাজারে।
উদ্দেশ্য- যে করেই হোক একটু আদা কিনে ঘরে ফেরা।
জেনে রাখা ভালো যে, এখন বাজারে যে কোন দোকানীরাই ক্রেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করতে ছাড়ে না। কেননা , ক্রেতা বেশী। বিক্রেতা কম। পণ্য কম, দাম বেশী।
আমি এক দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম- আদা কত করে কেজি?
দোকানী বললেন- কয় কেজি নেবেন?
আমি বললাম- দামে পোষালে আধা কেজি ( ৫০০ গ্রাম) নেব।
দোকানী টিপ্পনী কেটে বললেন- আধা কেজি আদা কিনবেন তাও আবার দাম জিগান!
তার ভাবখানা এই যে আমি আদার দাম জিজ্ঞেস করে মহা অপরাধ করে ফেলেছি। কোন ক্রেতা যেন দাম না জিজ্ঞেস করেই কিনবেন।
দোকানী বললেন- এক দাম ৫০০ টাকা কেজি। বাছাবাছি করতে পারবেন না। ( অর্থাৎ তিনি পচা আদা দিলে সেটাও নিতে হবে)।
এক সময় আদার ব্যাপারী জাহাজের খবর নিতে সাহস পেত না। এখন জাহাজের ব্যাপারীও আদার খবর নিতে ভয় পায়। সময় কারো চিরকাল এক রকম যায় না।
আফসোস!
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




