
আমার বাংলাদেশ-
রক্তস্নাত পবিত্র সূর্যোদয়ে শোকের অশ্রু মুছে
নৌকা ভাসিয়েছ তীব্র স্রোতের বৈরিতা ঠেলে ।
লড়েছ প্রচুর,
শ্বাপদ , কুমির কখনও ডাকাত।
অনন্ত মহামারী, মড়ক,ধ্বস
নানাবিধ প্রতিবন্ধক পথে পথে
পশ্চাতে নয়, সম্মুখগামী করেছে কেবল ।
যেমন ধনুকের পশ্চাদমুখী টান কেবলই তীব্রতা দেয়
সম্মুখগামী তীরের গতিতে।
তোমার নৌকা আজ ভরা নদীর অনুকূল বাতাসে
পাল তুলে পতপত ভেসে যায় ।
আকাশে উদার সাদা মেঘ -
নির্মল বাতাসে সুর
ঝাঁক ঝাঁক পাখি ও পাখির মতন মানুষ ।
এই উদ্ভিন্ন তরুন সকালে, হায় !
আমার বাংলাদেশ,
কোন ভুলে- ভুল করে আজ তুমি
ভেসে যাও- গন্তব্যের আগেই বিপথে ?
আত্মবিস্মৃতির আঁধার প্রদোষে
এ কোন অচিন -ভয়াল বাঁকে
আজ তুমি নিশানা লাগাও ?
========================
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



