
কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায় প্রবল তাড়া , চেঁচিয়ে উঠে বলে :
সকলেই ছুটে যাচ্ছে দেখো -
জগদ্দল থমকে আছো তুমি ,
লক্ষ্য এবং কক্ষচ্যুত একা।
ছোটো, এখনই ছুট লাগাও
তোমার জন্যে পথপ্রান্তে অমূল্যদিন রাখা ।
খুঁজি তাকে, এদিক -ওদিক,
দেখি, পর্দা দুলছে ,ওপাশে
বাতাসের অবিরল ঢেউয়ে
ভেসে যাচ্ছে ভ্রুক্ষেপহীন একলা সময়-
আঁজলা ভরে কিছুতেই তাকে ধরা যাচ্ছে না।
পথে উদ্দেশ্যহীন কয়েকটি কুকুর,
ছন্নছাড়া দু’একজন মানুষ ছাড়া
আর নেই কেউ কোথাও ।
আকাশ নিবিড় হয়ে ঝুঁকে আসে
জাপটে ধরে হঠাত অচম্বিতে -
ভীতি এবং বিস্ময়বোধ বুকে
আমার আজন্মের তেষ্টা পায় ।
কাঁচপাত্রের জলে আসমুদ্র তৃষ্ণা
জোড়াতালি দিয়ে আমি ডুবিয়ে রাখি নিজেকে -
জাগরণ প্রত্যাশাহীন ঘুমে ।
====
কবিতা স্বত্ব সংরক্ষিত
(ছবি নেট থেকে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



