তারপর দীর্ঘ ভ্রমনক্লান্ত পদক্ষেপ
ক্রমশ শ্লথ হবে,
সমুখে গন্তব্যগামী পথ হ্রস্বতর -
দূর থেকে চোখে পড়বে
স্বাগত বৃক্ষের আবছা হাতছানি ।
হঠাৎ নাকে এসে লাগবে আউশ ধানের
ভাত ফোটার ঘ্রাণ
কিংবা নাম না জানা শাকের
মদিরতায় পেটের মধ্যে মোচড় দেবে ক্ষিদে।
হঠাৎ ভেসে আসবে অলৌকিক স্বর -
আমি তখন ভেজা চোখের হাসি নিয়ে -
নির্বাসন কালের
বিরামচিহ্নে এসে দাঁড়াবো।
প্রিয় নদীর পাড় ধরে ছুটবে জন্মসাথীরা
এ-ওর আগে ছুঁয়ে দেবে বলে-
হৃদস্পন্দনের দ্রুততার সাথে আমিও-
ছুটবো, ছুটতেই থাকবো,
প্রত্যেকেই যে যার বৃত্তে ঘুরতে থাকবো অনাদিকাল
কেউ আর কোনদিন ছুঁতে পারবে না কাউকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


