ঠিক এভাবে কোন একদিন সন্ধ্যে নেমে এলে
হয়তো তখন ক্লান্তি অনেক জমাট নদীর তলে ,
কোথাও ডানা গুটিয়ে বসার স্তব্ধ অবসরে -
যদি তুমি প্রশ্ন কর -নিছক কৌতুহলেই-
অনেক পথ আর অনেক দিনের প্রান্তভাগে এসে ,
কী রেখেছ জমিয়ে বুকের গোপন স্যুটকেসে ?
কী জমেছে বলা কি যায় -গভীর অন্তরালে -
দূরযাত্রার অশ্রুত গান- পথ শেষের কানে-
ঝিনুক মালা, শুকনো গোলাপ, হৃদয় থরোথরো,
কুড়িয়ে পাওয়া পরশ পাথর, একটি ভুল বড়ো-
ঘাসের মধ্যে হারিয়ে ফেলা অমূল্য সেই সিকি,
বিভ্রান্তির ঘোর আঁধারেও তারার ঝিকিমিকি ।
গন্ধ মদির রঙীন রুমাল, তৃষ্ণা পাহাড় চূড়ায় -
হরিৎ বর্ণ অরন্য সেই -পুড়ছিল যে খড়ায়।
কান্না কত জমে পাথর, শিমুল পোড়া ছাই-
খাঁ-খাঁ বিরান চর জেগেছে, নদীটি আর নাই॥
।।।।।।।।।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




