
আকাশলীনা,
বর্ষার আকাশের বুকে ভেসে থাকে
পুঞ্জীভূত মেঘ,
বর্ণিল অভিমানে পৃথিবীর বুক থেকে দূরে..
বিস্তীর্ণ জলরাশি বুকে লয়ে— এই ভেসে থাকা মেঘমালা
চিরপ্রস্থান নয় পৃথিবীর বুক থেকে।
পৃথিবীর বুকে
রঙধনু এঁকে দেয়ার প্রতিশ্রুতি মাত্র!
কখনো কি ভেবে দেখনি মেঘের বুকে
কেন এতো রঙ যেন সুন্দরী রমণীর
সুঢৌল স্তন আকর্ষণ!
বর্ষার নবধারাজল যেন আনন্দ ধারা হয়ে
পৃথিবীর দুচোখে মুগ্ধতার পরশ মেখে
তবেই ফিরে আসে প্রেমের অনুরাগে
প্রতীক্ষিত চাতকের তৃষিত ঠোঁটে।
আকাশলীনা,
— তোমার এই দূরে থাকা বলো না আর কতোদিন?
— অপ্রগলভ প্রেম কভু হয়না লীন।
আকাশলীনা
— এখন বর্ষাকাল, এখন বাদল দিন।
অনন্ত যৌবনে বৃষ্টির নবধারা জল হয়ে
— তবে এসো এই জীবনে ।
এবার তবে রঙধনু হোক, এই বুকে—
এই খানে যেন এক অনন্ত আকাশ
শুধুই তোমার প্রেমে...
ছবি: সুপ্রিয় ব্লগার ঠাকুরমাহমুদ
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


