এখন আমার একটাই ভয়
কখন যে হুট করে মরে যাই!
আগে আমার এই অনুভূতি ছিল না,
অথবা অনুভূতি গুলো ভোঁতা ছিল।
এখন আমার সাহস আছে
বেঁচে থাকার মানে বুঝি
এখন আমার নষ্ট সময় বলতে কিছুই নাই।
আগে আমার এমন হতোনা
হাত দুখানা অবশ ছিল
পা দুখানা নড়তে চাইত না,
আর চোখ দুখানা বুজেই ছিল বিয়াল্লিশটি বছর।
এখন আমি গোলাপ দেখি
গোলাপ কুঁড়ি হাস্নাহেনা
শিশির বিন্দু কঁচি পাতা
কোনো কিছুই বাদ পড়েনা এখন চোখে।
এখন আমি হাঁটতে পারি বুক ফুলিয়ে
মেঘ গুলোকে ধরতে পারে হাত দুখানা
এখন আমার অনুভূতি চাঙ্গা ভারি
বুকের ভিতর কেমন যেন মুচড়ে ওঠে
হাওয়া এসে দোল দিয়ে যায় মাথার চুলে
এখন আমি কোনো কিছুই যাইনা ভুলে
এখন আমি নদীর মতোই বইতে পারি
ছলাৎ ছলাৎ শব্দ শুনি দিবারাতি
এখন আমি বুঝতে পারি ভালোবাসা
ছাইচাপা প্রেম পড়ল ধরা বিয়াল্লিশে
এখন আমার একটাই ভয়
কখন যে হুট করে মরে যাই!
এখন আমার ফাগুন আগুন সবই সমান
বোধ হয়েছে নির্বোধের এই বিয়াল্লিশে
এখন আমি লড়তে পারি ষাড়ের মতোই,
এখন আমার সময় শুধু বেঁচে থাকার;
অন্তত এককোটি বছর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


