এখন যদি আমায় তুমি প্রশ্ন করো
কী হতে চাই?
একবাক্যে বলব আমি,
ফুল হতে চাই।
তখন আমি বলেছিলাম ডাক্তার বা উকিল হব
অথবা অন্যকিছু,
ফুল হতে চাইনি আমি কোনোদিনও।
ফুল হতে হয় কেমন করে বুঝতামও না,
ফুল যে আমায় হতে হবে ভাবিও নি,
ফুল হতে চায় কেন মানুষ জানতামও না।
তখন আমি ফুলের মতোই পাপহীন ছিলাম,
শরীর জুড়ে ফুলের মতোই সুবাস ছিল,
তখন আমার শরীর ছিল ফুলের মতোই,
তখন আমি ঝরে পড়া জানতামও না,
ফুল কেন যে ঝরে পড়ে বুঝতামও না,
তখন আমি ছোট ছিলাম কলির মতোই,
তখন আমি বেড়ে ওঠা বুঝতামও না,
তখন আমি জানতামই না কেন মানুষ বেড়ে ওঠে!
এখন আমায় প্রশ্ন করো
কী হতে চাই?
বলব আমি ফুল হতে চাই,
স্বার্থহীনের মতো শুধু সুবাস দিয়ে ঝরে যাবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


