বৃক্ষরা আমায় জানে,
আমি অরণ্যের গভীরে ছিলাম
তোমার তপস্যাতে,
ধ্যানমগ্ন হয়ে
বছরের পর বছর তোমার পূজায়,
বৃক্ষরা সেই সব কথা জানে!
সাগর সফেনে মিশে আছে
আমার অজস্র অশ্রু জল,
সেই জল মেশেনি আজো সাগরের জলে,
লাবনী থেকে পাহাড় চূড়া হয়ে
যে পথ চলে গেছে ইনানিতে,
সেই পথ আমায় জানে,
সেই পথে পড়ে আছে আজো
আমার অগনিত দীর্ঘশ্বাস!
কীর্তনখোলার বুকে পড়ন্ত বিকেলে
এখনো একটা তরী দিকহারা ভাসে;
কীর্তনখোলা জানে,
কীর্তনখোলা আমায় জানে।
নীলগিরি চূড়ায় তোমার নামের ধ্বনি
প্রতিধ্বনি হতে থাকে,
সেই চিৎকার আমি-ই করেছিলাম,
আমার সর্বনাশে।
আর বুড়িগঙ্গার মরে যাওয়া শাখায় এখনো আমার অনেক কবিতা ভাসে,
বুড়িগঙ্গা আমায় জানে,
সেখানে কাগজে ভাসে তোমায় নিয়ে লেখা
আমার,
সহস্র প্রেমের কবিতা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

