তোমার প্রেমে আমি সমস্ত দুঃখ ভুলে যাই
আমার ক্লান্তি সব মুছে যায় তোমার কথায়।
তুমি আমার স্রোতস্বিনী নদী
তোমার জলে আমি পরিশুদ্ধ হই
গ্রীষ্মের দাবদাহে তোমার স্নেহের আঁচল
আমায় স্নিগ্ধ শীতল করে রাখে
তোমার ভালোবাসায় আমি হই পুস্পময়।
তোমার প্রেমে আমি শুধরে নেই জীবনের ভুল
আমি বীরের মতো মাথা উঁচু করে বাঁচি
তোমার প্রেমের গৌরবে,তোমার ভালোবাসার বৈভবে।
তোমার প্রেমে আলোকীত হয় আমার অন্ধকার পথ
বিষাদেও আমার জীবন ভালো লাগে
সমস্ত দুঃখ সমস্ত বেদনা মধুর মনে হয় তোমার ভালোবাসায়।
তোমার প্রেম বয়ে আনে দখিনা বাতাস
আমার দগ্ধ জীবনে
ভীষণ অসুখেও নিজেকে সুখী মনে হয়
দুঃসময় অতিক্রম করতে পারি সহজেই তোমার প্রেমে
আমার অশ্রু মুছে যায় তোমার ভালোবাসায়।
তোমার প্রেমে আমি নতুন ভোরের মতো জেগে উঠি
আমি প্রস্ফুটিত হই প্রথম সূর্যোদয়ে
আমি হয়ে উঠি ভোরের পাখির গান সবুজের কোনো দ্বীপে
আমার দগ্ধ বুকে শ্রাবণের অঝোর বর্ষণ নামে তোমার ভালোবাসায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


