এমতাবস্থায়, আমি মানুষ হয়ে হাঁটি।
পতিতালয় হয়ে মন্ত্রণালয়,
বস্তী হয়ে বহুতল আধুনিক দালান,
অথবা
বেঁদের নৌকা হয়ে এফ.ডি.সি.;
যেখানেই যাই না কেন,
সেখানেই আমি মানুষ হয়ে হাঁটি।
এবং ওরা সকলে,
মুছে ফেলে আমার চলাচল,
ঢেলে দেয় নিজ উপাসনা।
কাঁদা থেকে জল, নর্দমা আর কীট ডিম্বকখানি,
খনি থেকে উপচে আসা লোলুপ নৃশংসতা,
যার নিচে চাঁপা পড়া মনুষ্যত্বগুলো আজ আমার চোখে কাঁদে।
সেসবের পর্বত গড়ে অকৃপণ হাতে।
ওখানে যা মনুষ্যত্ব ছিল,
বিকে যায় নামমাত্র দরে।
অবশেষে দরিদ্র চাষা সেই স্বস্তা মনুষ্যত্ব কেনে।
ধানের গোলায় ভরে জমিয়ে তোলে দিনের পর দিন,
সন্তান পাবে বলে তার উত্তরাধিকারে।
কোন একদিন, হয়তোবা কোন এক সুদূর বছরে,
হাজার লোকের সামনে দাঁড়িয়ে
বুকের শ্বাস জমিয়ে, সম্মানের ভারে
বুক ফুলিয়ে উঠবে বলে খোকা,
"বাজান দিছে এ আমারে অঢেল, ছোট্ট এক ধানের গোলা ভরে।"
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




