তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত?
দিব্যিছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে,
একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে!
আঁৎকে উঠে হাত-পা ছুড়ে চোখটি করে গোল
হঠাৎ বলেন “গেলুম গেলুম আমায় ধরে তোল”
তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাকে পুলিশ,
কেউ বা বলে “কামড়ে দেবে সাবধানে তে তুলিস”।
ব্যাস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি-
বাবু হাকেন “ওরে আমার গোঁফ গিয়েছে চুরি”।
গোঁফ হারানো! আজব কথা, তাও কি হয় সত্যি?
গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি।
সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না
মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয়না।
রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি,
“কারো কথার ধার ধারিনে সব কটারে চিনি,
নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা,
এমন গোঁফ তো রাখতো জানি শ্যাম বাবুদের গয়লা।
এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই-
এই না বলে জরিমানা কল্লেন তিনি সবায়।
ভিশন রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়-
কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়।
অফিসের সেই বাদর গুলো, মাথায় খালি গবর
গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখেনা খবর।
ইচ্ছে করে এই ব্যাটাদের গোঁফ ধোরে খুব নাচি,
মুখ্যু গুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি।
গোঁফকে বলে তোমার-আমার, গোঁফকি কারো কেনা?
গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা।
---সুকুমার রায়
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১২ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



