এখন তুমি আছ কেমন?
আগে আমি ছিলাম যেমন;
আজও আছি ঠিক তেমনি। বদলাইনি।
বদলে যাওয়া হলনা আর,
হলনা আর স্বপ্ন নামের মুখোশ পড়ে;
সামনে তোমার হাটু গেড়ে, একটু হেসে
তোমার হাতে তুলে দিতে প্রতিশ্রুতি, হোকনা ক্ষতি
তবুও আমার জীবন যাবে তোমার তরে। ভালবেসে।
এখন তুমি কার ঘরেতে, প্রদিপ জ্বালো সন্ধ্যা রাতে?
কার বুকেতে মাথা রেখে স্বপ্ন দেখ;
সেই স্বপনের ধূসর পথে, কার বিচরণ-তোমার সাথে।
নাকি, তুমি একলা আজও, আমার মতো!
এখন তোমার সময়গুলো কেমন কাটে?
এখন আমার রাতগুলো সব ভোর হয়ে যায় হিসাব কষে!
সুখের হিসাব। দুখের হিসাব। চাওয়া-পাওয়ার ব্যবধানে,
কেমন করে পর হয়ে হয়ে যায় কাছের মানুষ।
দূরের মানুষ কেমন করে কাছে আসে! ভালবাসে!
যেদিন আমার ভুলগুলো সব শুদ্ধ হল,
সেদিন থেকে ভাবিনা আর তোমার কথা।
নিরবতার সংজ্ঞা সেদিন পাল্টে গেল।
এখন তোমার বাড়ির পাশের পুকুর ঘাটে,
কুকুর হাটে!
জলবিহীন সেই শূন্য দিঘীর শ্যাওলা মাখা পুরান ঘাটে;
এখন কি আর অলস তোমার সময় কাটে!
এখন তুমি কেমন আছ, কোথায় আছ।
জানতে বড় ইচ্ছা করে!
আমি খুবই ভাল আছি।
তোমার দেওয়া কাঁটাগুলো ফুল হয়েছে;
ফুলগুলো সব গেছে ঝরে। অহংকারে
যেদিন তুমি ভুল করেছ মৌন থেকে।
সেদিন থেকে ভাল থাকার পাঠ নিয়েছি,
ভালই আছি সুখের মাঝে দুঃখ ঢেকে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




