গরু খাসি কাটার আগে ঈদের সিনেমা আর নাটক নিয়ে শেষবারের মত কিছু বলতে চাই।
১- ঈদে কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে সেটা কি আপনি জানেন? না জানলে কেন জানেন না? আপনি জানার চেষ্টা করেন নাই নাকি আপনাকে জানানো হয় নাই? কোন ট্রেলার, কোন পোস্টার, কোন সাক্ষাৎকার, কোন প্রচারণা আগে থেকে নাই, অথচ সিনেমার পিছনে নাকি অনেক বাজেট- তাহলে পাবলিক জানবে কীভাবে যে একটা সিনেমা আসছে? ওকে, সিনেমা ঈদে আসছে চারটি- রাজাবাবু দ্যা পাওয়ার, আশিকি( যৌথ প্রযোজনা- যদিও যৌথ শব্দের প্রতি সুবিচার হয় নাই), গাড়িওয়ালা, প্রার্থনা। আশিকির ব্যাপারে বেশি জানবেন কারণ সবার আগে এটার গান প্রকাশ পেয়েছে, নুসরাত ফারিয়া প্রথমবার নায়িকা, এটার কাজ করতে গিয়ে বলিউড এর একটা সিনেমাতেও সুযোগ পেয়েছেন তিনি, তার সাক্ষাৎকার নিয়ে বিতর্ক, তিনিই প্রথম বলিউড এ অভিনয় করা বাংলাদেশী কিনা এটা নিয়ে ক্যাচাল- সব মিলিয়ে আশিকির পাবলিসিটি খারাপ হয় নাই
২- টিভি চ্যানেলের ইতিহাসে এই প্রথম গাজি টিভি বিজ্ঞাপন বিরতি ছাড়া অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে! অবশ্যই ভাল সংবাদ। বিকাল সাড়ে চারটা থেকে রাত বারটার প্রোগ্রামের মাঝে কোন বিজ্ঞাপন থাকবে না এই চ্যানেলের। আমরা এতদিন তাহলে যেই অভিযোগ করতাম, সেটা আমলে দেয়ার জন্য বিশাল থ্যাংকস। এবার দায়িত্ব আপনার, প্লিজ প্রোগ্রামগুলো দেখবেন- ভাল খারাপ জঘন্য যাই হোক দেখবেন এবং বলবেন। দরকার পড়লে ঐ কাজের সাথে যারা জড়িত- পরিচালক থেকে শুরু করে আর্টিস্ট- সবাইকে ফেসবুকে ট্যাগ করে স্ট্যাটাস দিবেন,কাজের মূল্যায়ন করবেন। শুধু মোশাররফ করিম বা তাহসান আর তিশাকে খুঁজবেন না, নতুন অনেক ছেলেমেয়ে আসছে, তারা চেষ্টা করছে, তাদের কাজ দেখেন, ভালমন্দ সব ভদ্র ভাষায় গুছিয়ে বলেন। "চেংরা পোলামাইয়া" বলে ঠোঁট উল্টাবেন না। নতুনদের চেনার চেষ্টা করুন, তাদের নাম জানার চেষ্টা করুন। নতুন কোন কনসেপ্টের নাটক সহজভাবে নেয়ার চেষ্টা করুন, সবার কাছ থেকে "আজ রবিবার" টাইপ নাটক আশা করবেন না, আর দয়া করে ভুলেও যাবেন না এটা ২০১৫ সাল। নিজের চিন্তাধারা একটু পরিবর্তন করার চেষ্টা করুন, দর্শক হিসেবে সহনশীলটার মাত্রাটা একটু বাড়ান। গাজি টিভি ছাড়াও আরটিভি আর এনটিভি বিরতিহীন নাটক প্রচার করবে।
৩- আপনি কি জানেন বাংলাদেশে চাকমা ভাষায় নির্মিত প্রথম সিনেমার নাম কি? "কস কি মমিন? চাকমারাও সিনেমা বানায়?"- হয়ত এটাই ভাবছেন। সিনেমার নাম মং থেঙ্গারি, ইংলিশ ভাষায় ‘My bicycle”। পরিচালক অং রাখিন নামের এক তরুণ ছেলে। সিনেমাটা দেখার যদি আপনার অনেক ইচ্ছা হয়, তাহলে আপনার জন্য ভয়াবহ এক সারপ্রাইজ অপেক্ষা করছে- বাংলাদেশ সেন্সর বোর্ড (দুনিয়ার নবম আশ্চর্য) এই সিনেমাকে আটকে দিয়েছে
আশাহত হবেন না, এর চেয়েও খারাপ অবস্থা পার করেছি আমরা। সেটা সামাল দিতে পারলে একদিন এই ধরনের সমস্যাও সমাধান করতে পারব তবে জানিনা কবে পারব যেখানে বাকিরা ধাই ধাই করে এগিয়ে চলেছে ব্যবসা আর শিল্প দুইটা দিক দিয়েই। অনেক নেগেটিভ কথা বলেছি? সাকিব খারাপ? ওকে, এবার পজিটিভ কথা- জালালের গল্প অস্কারে পাঠান হয়েছে, যারা সিনেমাটা দেখেন নাই তারা সেই অসাধারণ একটা জিনিস মিস করেছেন। ব্যাপার না, সামনে যেগুলো আসছে সেগুলো আশা করি মিস বা মিস্টার কোনটাই করবেন না। আপনাকে বিনোদনের কথা বলে আপনার সাথে প্রতারণা করলে আপনার পূর্ণ অধিকার আছে কথা বলার, প্রতিবাদ করার যেকোনো মাধ্যমে- আপনার সেই শক্তিকে কাজে লাগান। চেষ্টা করুন এবারের ঈদের নাটক সিনেমা দেখার। চেষ্টা করে মানুষ চাঁদে চলে গেছে, আপনি এতটুকু পারবেন না?
সবাইকে ঈদ মোবারক।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




